প্রাণঘাতী করোনা ভাইরাসে সিঙ্গাপুরে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার অতিক্রম করেছে। এর মধ্যে অধিকাংশই অভিবাসী। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর পিটিআইর
দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৬১৪ জন আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৪২৬। এর মধ্যে মারা গেছে ২৩ জন। আক্রান্তদের মধ্যে অধিকাংশই সেখানকার ডরমিটরিতে বসবাসরত অভিবাসী শ্রমিক। করোনায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে ডরমিটরিগুলো। কারণ সেখানে একসঙ্গে অনেক মানুষ গাদাগাদি করে বসবাস করেন। গত এগ্রিল থেকেই সিঙ্গাপুরে করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। সিঙ্গাপুরে প্রায় ১৪ লাখ অভিবাসী শ্রমিক বসবাস করে। এর মধ্যে অধিকাংশই নির্মাণকাজ, কায়িক শ্রম ও গৃহকর্মীর কাজে নিয়োজিত। এই অভিবাসী শ্রমিকরা মূলত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ যেমন ভারত, বাংলাদেশ থেকে শ্রমিক হিসেবে সিঙ্গাপুরে গেছেন। এসব অভিবাসী শ্রমিকের মধ্যে প্রায় ২ লাখ শ্রমিক ৪৩টি ডরমিটরিতে থাকেন বলে জানিয়েছেন জনশক্তি বিষয়ক মন্ত্রী জোসেফিন টিও। এক একটি রুমে ১০ থেকে ১২ জন থাকেন। তারা একই টয়লেট এবং গোসলখানা ব্যবহার করেন। খাবারের জন্যও একই জায়গায় যেতে হয় সবাইকে। ফলে সামাজিক দূরত্ব কোনোভাবেই তারা মানতে পারছেন না। তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও সেখানে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ১২ হাজার ১১৭ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ১৮ হাজার ২৮৬। তবে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
