বিবিসি
আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন চালুর উদ্যোগ নিয়েছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। এই আইনে দেশদ্রোহিতা, বিচ্ছিন্নতা এবং রাষ্ট্রদ্রোহিতা নিষিদ্ধ করা হয়েছে। এতে স্বায়ত্তশাসন খর্বের আশঙ্কায় ব্যাপক বিক্ষোভের ডাক দিয়েছে গণতন্ত্রপন্থি কর্মীরা। এরই মধ্যে গতকাল অঞ্চলটির চীনা লিয়াজোঁ অফিসের বাইরে বিক্ষোভ হয়েছে।
সমালোচকদের ভাষ্য, হংকংকে সবচেয়ে বেশি স্বাধীনতা দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল চীন তা ভঙ্গ করতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এই পদক্ষেপ হংকংয়ের জনঅসন্তোষকে আরো তীব্রতর করে তুলবে এবং সামনে নতুন করে গণতান্ত্রিক সংস্কারের আন্দোলন বেগবান হবে। গতকাল নিরাপত্তা আইনের এই খসড়াটি চীনের বার্ষিক ন্যাশনাল পিপলস কংগ্রেসে (এনপিসি) উপস্থাপন করা হয়।
দেশটির কমিউনিস্ট নেতৃবৃন্দের নেওয়া সিদ্ধান্ত এই কংগ্রেসের মাধ্যমে অনুমোদন করে নেওয়া হয়। আইনটি বাস্তবায়নে বেইজিংকে সহায়তার ঘোষণা দিয়েছে হংকং সরকার। তাদের দাবি, এই আইনের মধ্য দিয়ে অঞ্চলটির স্বাধীনতায় ব্যাঘাত ঘটবে না। তবে রাজনৈতিক বিশ্লেষকরা একে খুব হালকাভাবে দেখতে নারাজ। তারা বলছেন, চলতি বছরে এটি একটি বড়ো ধরনের রাজনৈতিক ঘটনা হিসেবে পরিগণিত হতে পারে।
