‘আম্ফান’-এর প্রভাবে ক্ষতিগ্রস্ত
ইত্তেফাক রিপোর্ট
ঘূর্ণিঝড় ‘আম্ফান’-এর প্রভাবে ক্ষতিগ্রস্ত মত্স্যচাষি, খামারি ও উদ্যোক্তাদের জরুরিভিত্তিতে নগদ আর্থিক সহায়তাসহ সহজশর্তে সুদবিহীন ঋণ দিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বৃহস্পতিবার মত্স্য ?ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, করোনা মহামারির বিরূপ প্রভাবে মত্স্য ও প্রাণিসম্পদ খাতে বিনিয়োগকারীরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এর মধ্যে ‘আম্ফান’-এর প্রভাবে এ খাত সংশ্লিষ্টরা আরো হতাশ হয়ে পড়েছেন। এ অবস্থা চলতে থাকলে প্রাণিজ পুষ্টির যোগানদাতা মত্স্য ও প্রাণিসম্পদ খাত হুমকির মুখে পড়বে। এ পরিস্থিতিতে এ খাতের চাষি, খামারি ও উদ্যোক্তাদের নগদ আর্থিক প্রণোদনাসহ সহজশর্তে সুদবিহীন ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, বরিশাল ও খুলনা বিভাগ থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্যানুযায়ী ‘আম্ফান’-এর প্রভাবে মত্স্য খাতে ক্ষতির পরিমাণ ৩০৫ কোটি ৫০ লাখ টাকা এবং প্রাণিসম্পদ খাতে ১ কোটি ৪ লাখ ৪০ হাজার টাকা।
