নারায়ণগঞ্জে ফুটপাতে ঈদের বেচাকেনার ধুম

আপডেট : ২২ মে ২০২০, ২২:১৩

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

ঈদুল ফিতরকে সামনে রেখে করোনা ভাইরাসের ঝুঁকির মধ্যেই নারায়ণগঞ্জের ফুটপাতগুলোতে জমে উঠেছে বেচাকেনা। শহরের বঙ্গবন্ধু সড়ক, কালিরবাজার, ডিআইটিসহ বিভিন্ন স্থানে ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতে বেচাকেনায় ধুম পড়েছে। গতকাল  বিকালে সরেজমিনে এমন চিত্রই দেখা যায়। বেশির ভাগ দোকানেই নারী ক্রেতাদের আধিক্য। তাদের মধ্যে অনেককেই আবার সন্তানদের নিয়ে এসেছেন ঈদের কেনাকাটা করতে। তাদের করোনা সংক্রমণের কোনো দুশ্চিন্তা নেই বললেই চলে। ফুটপাতে দেখা যায়, বিকাল হলেও দোকানগুলোতে ক্রেতাদের কোনো কমতি নেই। ঈদের কেনাকাটা করতে আসা মারজিয়া বেগম বলেন, আমি রোজার শেষ সময়ে মার্কেটে কি আছে তা দেখতে এসেছি। ভালো লাগলে কিনব। করোনার ভয়তো আছেই। অস্থায়ী দোকানি রোমান সরকার জানান, ঈদের হিসেব করেই দোকান খুলেছি। এটাই তো বেচাবিক্রির সময়। ঈদের পরত আর বেচাবিক্রি হবে না। এখন দোকান না খুললে পরে সন্তানদের নিয়ে খাব কি? তাই দোকান খুলেছি, যতটুকু পারি বিক্রি করছি। অনেক ক্রেতা, তাই বেচাবিক্রিও ভালো বলে জানান এ বিক্রেতা।