কাঁঠালবাহী পিকআপে তল্লাশি, পাওয়া গেল অস্ত্র-ইয়াবা

আপডেট : ২২ মে ২০২০, ২২:১৩

গ্রেফতার ৪

ইত্তেফাক রিপোর্ট

আদাবরে ফলবাহী একটি পিকআপে তল্লাশি চালিয়ে অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার করেছে র্যাব-২। বৃহস্পতিবার রাতে রিং রোড এলাকার চেকপোস্টে এ ঘটনা ঘটে। এ সময় কাঁঠাল ও ডাব বোঝাই পিকআপটিতে পাওয়া যায় দেশে তৈরি দুটি বন্দুক, ছয় রাউন্ড গুলি ও ৭ হাজার পিস ইয়াবা। অস্ত্র-মাদক বহনে ব্যবহূত পিকআপ গাড়িটি জব্দ ও জড়িত চার জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—ওসমান, শাহজাহান সরকার, সেলিম সরকার ও নুর ইসলাম।

র্যাব-২-এর সহকারী পরিচালক এএসপি জাহিদ আহসান জানান, ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানির কমান্ডার পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী গোপন সূত্রে জানতে পারেন, কাঁচামাল পরিবহনের আড়ালে কক্সবাজার থেকে মাদক ও অস্ত্রের চালান আসছে। সেগুলো পৌঁছানো হবে ঢাকার এক মাদক সম্রাট ও অস্ত্র ব্যবসায়ীর কাছে। এরপর সন্দেহজনক পিকআপটির গতিবিধি জেনে আদাবরের রিং রোড এলাকার হক সাহেব মোড়ে চেকপোস্ট বসানো হয়। এক পর্যায়ে কাঁঠাল ও ডাবভর্তি পিকআপটি আসে। চালকসহ তিন যাত্রীকে তল্লাশির সময় দুই জনের পিঠে থাকা ব্যাক প্যাকে বন্দুক, গুলি ও প্রত্যেকের কাছে ইয়াবা পাওয়া যায়।

র্যাব জানায়, গ্রেফতারকৃতরা তাদের গডফাদারদের সহায়তায় দীর্ঘদিন ধরে যানবাহনে ‘জরুরি প্রাণী খাদ্য উত্পাদন কাজে নিয়োজিত’ স্টিকার সাঁটিয়ে অবৈধ অস্ত্র ও ইয়াবার চালান নিয়ে আসছিল। আসামিরা জানায়, কক্সবাজার থেকে রওনা হওয়ার সময় তাদের সামনে প্রাইভেটকারে একটি অগ্রগামী দল থাকে। রাস্তায় চেকপোস্ট থাকলে বা গাড়ি তল্লাশি হলে তারা মূল দলকে সতর্ক করে দেয়। এভাবেই আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে তারা অস্ত্র ও ইয়াবা ঢাকায় আনছিল।