চট্টগ্রাম মেডিক্যালে সিমুলেটর মনিটর ছাড়াই রেডিওথেরাপি সেবা

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ২২:৫১

চট্টগ্রাম মেডিক্যালে দীর্ঘ ৩ বছর পর আবার চালু হলো ক্যান্সারের রেডিওথেরাপি সেবা। নতুন স্থাপিত মেশিনটিতে গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সেবা কার্যক্রম চালু করা হয়েছে। তবে মেশিনটিতে সিটি সিমুলেটর মনিটরের ব্যবস্থা না থাকায় ক্যান্সার রোগীরা পূর্ণাঙ্গ থেরাপি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। মনিটরটি সংযোজনে প্রায় ৬ কোটি টাকার প্রয়োজন। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, তারা বিষয়টির গুরুত্ব তুলে ধরে অধিদপ্তর ও মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি দিয়েছেন। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।

জানা যায়, নতুন স্থাপিত কোবাল্ট মেশিনটিতে তিন ধরনের সেবা দেওয়া সম্ভব। সেগুলো হচ্ছে টু ডাইমেনশনাল এক্সটার্নাল বিম রেডিয়েশন থেরাপি (টু ডি ইবিআরটি), থ্রি ডি ইবিআরটি ও ইনটেনসিটি মডিউলেটেড রেডিয়েশন থেরাপি (আইএমআরটি)। এর মধ্যে টু ডি ইবিআরটি থেরাপি সেবা এই মেশিনের মাধ্যমে দেওয়া গেলেও থ্রি ডি ইবিআরটি ও আইএমআরটি সেবা পাচ্ছেন না রোগীরা। ফলে অত্র অঞ্চলের ক্যান্সার রোগীরা পূর্ণাঙ্গ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। মেশিনটিতে রেডিওথেরাপি দেওয়ার জন্য একটি কন্ট্রোল প্যানেল মনিটর রয়েছে। এটি দিয়ে শুধুমাত্র টু ডি ইবিআরটি থেরাপি দেওয়া যাচ্ছে। বাকি দুটো থেরাপির জন্য সিটি সিমুলেটর মনিটর প্রয়োজন।