করোনার প্রভাব এগ্রো পোলট্রি ফিসারিজ খাতে ৫ হাজার কোটি টাকা ক্ষতি!

আপডেট : ২২ মে ২০২০, ২২:৫২

কোভিড-১৯ ভাইরাসের প্রভাবে দেশীয় এগ্রো, পোলট্রি, ফিসারিজ খাতে অন্তত ৫ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গড়ে প্রতিদিনের ক্ষতির পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা। বাজারে দরপতন এবং উত্পাদিত পণ্য বাজারজাত করতে না পারায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন সাধারণ খামারি থেকে শুরু করে শিল্প উদ্যোক্তারা। এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত পিআরটিসি ল্যাবটি বন্ধ থাকায় বন্দর থেকে ছাড় করানো যাচ্ছে না মাছ-মুরগি শিল্পে ব্যবহূত কাঁচামাল, ওষুধপথ্য। এ অবস্থায় থমকে গেছে     দেশীয় এগ্রো, পোলট্রি ও ফিসারিজ খাত, বেকার হয়ে পড়েছে ২০ লক্ষাধিক কর্মজীবী। গতকাল দুপুরে রাজধানীর একটি হোটেলে মত্স্যচাষি, ব্যবসায়ী ও পোলট্রি খামারিদের কয়েকটি সংগঠনের যৌথ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।

বৃহত্তর ময়মনসিংহ মত্স্যজীবী সমিতি, ক্ষুদে মত্স্য খামার মালিক পরিষদ, গাজীপুর জেলা পোলট্রি ব্যবসায়ী সংঘ, জাতীয় এগ্রো-ফিসারিজ মালিক অ্যাসোসিয়েশন ও স্বনির্ভর খামার মালিক সমিতি আয়োজিত এ সংবাদ সম্মেলনে বলা হয়, করোনাকবলিত এগ্রো, পোলট্রি ও ফিসারিজ খাতে মিথ্যা ভিত্তিহীন নানা গুজব এখন মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্টরা জানান, ব্রিডার্স ও হ্যাচারি, ফিড, পোলট্রি, প্রোসেসড খাদ্য এবং প্রাণীর ওষুধ তৈরি খাতে ভয়াবহ ক্ষয়ক্ষতি ঘটে চলেছে। দেশীয় এসব খাতকে ঘুরে দাঁড়াতে ব্যাংকের সুদ সম্পূর্ণ মওকুফ, বন্দরে আটকে পড়া কাঁচামাল জরুরি ভিত্তিতে ছাড় করাসহ সব ধরনের জরিমানা ও সারচার্জ পুরোপুরি মওকুফ এবং অন্তত ৩০ শতাংশ আর্থিক প্রণোদনা প্রদানের জোর দাবি জানানো হয়। মাছ ও মুরগি খামারিদের মধ্যে কম দামে ওষুধ সরবরাহ প্রদানকারী প্রতিষ্ঠান ‘আদিয়ান এগ্রো লিমিটেড’সহ কয়েকটি দেশীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেশাজাত ওষুধ আমদানির মনগড়া অভিযোগ তুলে গোটা সেক্টরকেই সীমাহীন হয়রানির মুখে ফেলেছে একটি মহল। সংঘবদ্ধ ঐ সিন্ডিকেট যে কোনো উপায়ে আদিয়ান এগ্রো লিমিটেডকে নিষ্ক্রিয় বানিয়ে বাজারে মাছ-মুরগির বাজার দর আকাশচুম্বী করার ষড়যন্ত্রে মেতে উঠেছে।

সংবাদ সম্মেলনে বৃহত্তর ময়মনসিংহ মত্স্যজীবী সমিতির সভাপতি নূরে আলম ভুঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মারুফ আহমেদ, ক্ষুদে মত্স্য খামার মালিক পরিষদের মহাসচিব খন্দকার আশরাফ-উন-নবী, গাজীপুর জেলা পোলট্রি ব্যবসায়ী সংঘের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ জুলহাস আহমেদ কিরণ, জাতীয় এগ্রো-ফিসারিজ মালিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কাদের কিবরীয়া, সাধারণ সম্পাদক মিনহাজ আবেদীন, স্বনির্ভর খামার মালিক সমিতির প্রেসিডেন্ট রেজাউদ্দৌলা, দপ্তর সম্পাদক মাওলানা কাজী মেসবাহ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।