মাধবপুরে একটি পেঁপে ১ লাখ ৬৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহানপুর ইউনিয়নের বনগাঁও জামে মসজিদের গাছের এ পেঁপেটি পবিত্র লাইলাতুল কদরের রাতে নামাজ পড়তে আসা মুসল্লিদের মাঝে নিলামে তোলা হয়। ঐ গ্রামের আব্দুস সত্তার খাঁ নামে এক ব্যক্তি প্রথমে ৩ হাজার টাকায় ক্রয় করে পেঁপেটি আবার মসজিদে দান করেন। তারপর আশরাফ মিয়া ১০ হাজার টাকায় কিনে আবার মসজিদে দান করেন। এরপর আমির মেম্বার ৮ হাজার টাকায়, শহীদ মিয়া ৭০ হাজার টাকায় কিনে আবার মসজিদে দান করে দেন। এভাবে পর্যায়ক্রমে সবাই পেঁপেটি নিলামে কিনে নিয়ে মসজিদে দান করে দিতে থাকেন। এভাবে পেঁপেটির মূল্য দাঁড়ায় ১ লাখ ৬২ হাজার টাকা। পর দিন ইফতারের সময় আবারও ৭ হাজার টাকায় পেঁপেটি বিক্রি হয়। শেষ পর্যন্ত পেঁপেটির বিক্রয় মূল্য দাঁড়ায় ১ লাখ ৬৯ হাজার টাকা।
বনগাঁও গ্রামের আশরাফ মিয়া জানান, পেঁপে বিক্রয় পুরো টাকাই বনগাঁও জামে মসজিদের উন্নয়ন কাজে ব্যবহূত হবে।
