ফকিরহাটে মুন স্টার জুট মিলে বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করেছেন। শ্রমিকদের দাবি তাদের ব্যাংক অ্যাকাউন্টে এক মাসের বেতন ঢোকার এসএমএস তাদের মোবাইলে এসেছে। অথচ কর্তৃপক্ষ তাদের দিয়েছেন এক সপ্তাহের বেতন। গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত মিল গেটে বিক্ষোভে নারী শিশুসহ প্রায় চার শতাধিক শ্রমিক অংশগ্রহণ করেন।
শ্রমিকদের অভিযোগ, তাদের বকেয়া বেতন ও বোনাস দেওয়ার কথা বলে সাইথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকে অ্যাকাউন্ট খোলার নামে কাগজপত্র নেওয়া হয়। কয়েকটি কাগজে শ্রমিকদের স্বাক্ষরও নেন মিল কর্মকর্তারা। খোলা হয় শ্রমিকদের নামে অ্যাকাউন্ট। তবে তাদেরকে কোনো চেকবই বা জমাবই দেওয়া হয়নি। শ্রমিকদের নামে খোলা অ্যাকাউন্টের নোমিনি কাকে করা হয়েছে তা-ও জানেন না তারা। পরবর্তী সময়ে শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা জমার বার্তা আসে তাদের মোবাইল নম্বরে। পরে অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের জন্য চেক নিয়ে আসেন জুট মিলের কর্মকর্তারা। বেতন ও বোনাস দেওয়ার কথা বলে শ্রমিকদের কাছ থেকে চেকে স্বাক্ষরও নেন জুট মিলের কর্মকর্তারা। কারো কারো কাছ থেকে তিন মাসের বেতনের জন্য তিনটি চেকেও স্বাক্ষর নেওয়া হয়েছে। তবে দেওয়া হয়েছে এক সপ্তাহের বেতন। অতিরিক্ত পুলিশ সুপার ছয়ের উদ্দিন আহম্মেদ বলেন, ‘জুট মিলের কর্মকর্তাদের সঙ্গে আলাপ হয়েছে। তারা শ্রমিকদের বকেয়া বেতন দিয়ে দেবেন। ঈদের পর বোনাস দেবেন। বোনাস না দিলে শ্রমিকদের আমার সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নম্বর দেওয়া হয়েছে।’
