মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসের এই কালে মাস্ক না পরেই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডের একটি কারখানা পরিদর্শন করলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার মিশিগানের ইপসিলান্টিতে ঐ কারখানা পরিদর্শনে যান প্রেসিডেন্ট ট্রাম্প। করোনা ভাইরাস মহামারির কারণে ঐ কারখানায় ভেন্টিলেটর তৈরি করা হচ্ছে।
কারখানা পরিদর্শন শেষে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, তারা আমাকে জানিয়েছে যে, এখানে এটা পরা জরুরি নয়। তবে ফ্যাক্টরির যে অংশে সাংবাদিকরা উপস্থিত ছিল না সেখানে মাস্ক পরেছেন বলে জানান ট্রাম্প। তিনি বলেন, ‘আমি সাংবাদিকদের এমন দৃশ্য উপভোগ করার সুযোগ দিতে চাইনি।’ ট্রাম্প বলেন, সবাইকে পরীক্ষা করা হয়েছে এবং আমাকেও পরীক্ষা করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকালেই আমার পরীক্ষা হয়েছে। পরে টাইম ম্যাগাজিনকে ফোর্ড মটর কোম্পানি জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পকে মাস্ক পরার ব্যাপারে উত্সাহ দেন বিল ফোর্ড। তিনটি ফোর্ড জিটি দেখার সময় মাস্ক পরেছিলেন প্রেসিডেন্ট। তবে কারখানা পরিদর্শনের বাকি সময় তিনি মাস্ক ছাড়াই ছিলেন।
