গাজীপুরে প্রকৌশলী হত্যার অধিকতর তদন্তের দাবি আইইবির

আপডেট : ২৩ মে ২০২০, ০০:৫৫

গাজীপুর সিটি করপোরেশনের (অঞ্চল-৪) নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনকে (৫০) হত্যার অধিকতর তদন্তের দাবি জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। গতকাল শুক্রবার অনলাইনে আইইবির ৬৯৫তম নির্বাহী কমিটির সভায় আইইবির নির্বাহী কমিটির সদস্যরা এ দাবি জানান। আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুরের সভাপতিত্বে এবং সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদের সঞ্চালনায় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তরা বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সরকারকে ধন্যবাদ জানাচ্ছে যে, খুব দ্রুততম সময়ের মধ্যে প্রকৌশলী দেলোয়ার হোসেনকে হত্যার সঙ্গে জড়িত অনেককেই গ্রেফতার করেছে আইন শৃঙ্খলাবাহিনী। এখন দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে প্রকৌশলী দেলোয়ার হোসেনকে হত্যার অধিকতর তদন্তের দাবি করছি। অধিকতর তদন্তের মাধ্যমে আরো যদি কেউ জড়িত থাকে তাহলে এদের বের করে শাস্তির দাবি জানাচ্ছি। এর আগে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর দফতরসহ সংশ্লিষ্ট দফতরগুলোতে চিঠি দেয় আইইবি। প্রসঙ্গত, প্রকৌশলী দেলোয়ার মিরপুরের বাসা থেকে গত ১১ মে গাজীপুর সিটি করপোরেশনের কর্মস্থলে রওনা হন। এরপর থেকে তিনি নিখোঁজ হন। পরে উত্তরা ১৭ নম্বর সেক্টরের ৫ নম্বর ব্রিজের পশ্চিম দিকের ৮ নম্বর রোডে পাশের একটি জঙ্গল থেকে প্রকৌশলী দেলোয়ারের লাশ উদ্ধার করে পুলিশ।