লক্ষ্মীপুরের রামগতিতে আরও একজন স্বাস্থ্যকর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র এ তথ্য নিশ্চিত করে জানান,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ফলাফলে তার করোনা পজিটিভ আসে। তিনি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের আজাদনগর এলাকার বাসিন্দা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক পদে কর্মরত আছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামনাশিস মজুমদার জানান, ওই স্বাস্থ্যকর্মীর উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষার জন্য তিনি নমুনা দেন। পরীক্ষায় ফলাফল পজিটিভ আসায় তার বাড়ি লক ডাউন করে দেওয়া হয়। আক্রান্ত স্বাস্থ্যকর্মীকে বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার সংস্পর্শে আসা পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
তিনি বলেন, নতুন এ করোনা রোগী নিয়ে রামগতিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে। এর আগে এক স্বাস্থ্যকর্মীসহ (সিএইচসিপি) ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তাদের মধ্যে পাঁচজন সুস্থ হয়েছেন।
ইত্তেফাক/এমআরএম
