মাদ্রিদ-বার্সেলোনায় খুলছে জাদুঘর, হোটেল ও বার

আপডেট : ২৪ মে ২০২০, ১১:০১

স্পেনের মাদ্রিদ ও বার্সেলোনা এখন পর্যন্ত লকডাউন শিথিল থেকে বিরত রয়েছে। তবে সোমবার থেকে জাদুঘর, হোটেল ও বার সমূহ পুনরায় চালু করা হতে পারে। শুক্রবার দেশটির সরকার এ ঘোষণা দেয়।

খবরে বলা হয়েছে,  দুই সপ্তাহ পর এই লকডাউন অন্যান্য জায়গাগুলোতেও শিথিল করা হবে এবং সেসব জায়গাগুলোতেও অনুরূপ সুবিধা দেয়া হবে।

দেশটির অনেক জায়গায় ইতোমধ্যেই নিষেধাজ্ঞা সীমিত করা হয়েছে। সে সব জায়গায় পরবর্তিতে সমুদ্র সৈকত, সুইমিং পুল ও সিনেমা হল খুলে দেয়া হবে।

তবে এসব পুনরায় চালু করা হলেও গ্রাহক সীমিত রাখার বিষয়ে কঠোরতা বজায় রাখা হবে।

স্পেন করোনাভাইরাসে অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ি সেখানে এ পর্যন্ত ২৮ হাজার ৬২৮ জনের মৃত্যু হয়েছে।

মাদ্রিদ ও বার্সেলোনা স্পেনের সবচেয়ে ঘনবসতিপূর্ণ ও মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা।

সরকারি এক মুখপাত্র মারিয়া জেসাস মনটেরো বলেন,‘ আমাদের আরো অনেক দূর যেতে হবে। আমরা অবশ্যই শৃঙ্খলা মেনে চলব।’

দেশটিতে বামপন্থি সরকারের ব্যবস্থাপনাকে ডানপন্থী দলগুলো সমালোচনা করে আসছে। অনেক বিক্ষোভকারী স্বাধীনতার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছে এবং প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের পদত্যাগের দাবি জানাচ্ছে। এএফপি। 

ইত্তেফাক/এসআর