টাঙ্গাইল জেলা পুলিশের উদ্যোগে মির্জাপুর উপজেলাসহ ১২ উপজেলায় ১২ হাজার কর্মহীনদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য বিতরণের ধারাবাহিকতার অংশ হিসেবে শনিবার মির্জাপুরে জেলা পুলিশের সহায়তায় কর্মহীনদের মাঝে ঈদ সামগ্রীসহ খাদ্য বিতরণ করা হয়। মির্জাপুর থানার ব্যবস্থাপনায় মির্জাপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীনদের মধ্যে ঈদ সামগ্রী ও খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম। এ সময় টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. শফিকুল ইসলাম শফিক, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) দীপঙ্কর ঘোষ, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান, ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন এবং সেকেন্ড অফিসার মো. আফতাব উদ্দিনসহ মির্জাপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে রবিবার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, করোনা ভাইরাস দুর্যোগের মুহূর্তে টাঙ্গাইলের পুলিশ বিভাগের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থাপনায় টাঙ্গাইল সদর, মির্জাপুর, নাগরপুর, দেলদুয়ার, সখীপুর, বাসাইল, কালিহাতী, ভুয়াপুর, গোপালপুর, ঘাটাইল, মধুপুর ও ধনবাড়ি থানায় এ পর্যন্ত প্রায় ১২ হাজার কর্মহীন, অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়েছে। বিশেষ করে পরিবহন শ্রমিক, রিকশা-ভ্যান, অটো ও সিএনজি চালক, কর্মহীন ও অসহায়দের মধ্যে এ খাদ্য দেওয়া হয়। গতকাল শনিবার মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকার ১২৯ জন কর্মহীনদের মাঝে জনপ্রতি ২০ কেজি হারে চাল ও ঈদ সামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়। আর আগেও মির্জাপুরে দরিদ্রদের মাঝে খাদ্য তুলে দেওয়া হয়। টাঙ্গাইলের প্রতিটি উপজেলায় থানা পুলিশের সহযোগিতায় কর্মহীনদের সহায়তার জন্য তাদের এ ধারাবাহিক কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানিয়েছেন।
ইত্তেফাক/এমআরএম
