কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী (বিএসএফ) সদস্যরা দুই রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। পরে পতাকা বৈঠকে রাবার বুলেট নিক্ষেপের প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি ও সীমান্ত বাসী সূত্রে জানা যায়, শনিবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলার কুরুষাফেরুষা জাগিরটারী সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৬ এর সাব পিলার ৯ এস এর নিকট ভারতের ২০ গজ অভ্যন্তর থেকে একদল বাংলাদেশি চোরাকারবারিদের লক্ষ্য করে ভারতীয় থরাইখানা ক্যাম্পের বিএসএফ সদস্যরা দুই রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় শিমুলবাড়ী ক্যাম্পের বিজিবি সদস্যরা তীব্র প্রতিবাদ জানালে বিকালে ওই সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবির অধীন শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার কামরুল হাসান ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন দিনহাটার থরাইখানা ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাজেন্দ্র পাতিল।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার কামরুল হাসান।
ইত্তেফাক/এমআরএম
