রংপুরে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবার ঈদগাহ মাঠ ও ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত হচ্ছে না। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে রংপুর জেলায় প্রায় ছয় হাজার মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন মুসল্লিরা। ঈদের দিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মসজিদে মসজিদে এসব ঈদ জামাত অনুষ্ঠিত হবে। রবিবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মহিউদ্দিন চৌধুরী এতথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রত্যেক মসজিদ কমিটি তাদের সুবিধাজনক সময়ে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত আদায়ের ব্যবস্থা করবেন।এবার রংপুর কাচারি বাজার কোর্ট মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সিটি মেয়রসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন। প্রথম জামাতে স্থান সংকুলান না হলে সেখানে দ্বিতীয় জামাতের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়াও জেলার সবচেয়ে বড় মসজিদ কারামতিয়া জামে মসজিদে সকালে ৯টায়, নগরীর শাপলা চত্বর আশরাফিয়া জামে মসজিদে সাড়ে ৯টায়, সেনপাড়া জামে মসজিদে ৯টায়, কামারপাড়া কুতুবিয়া জামে মসজিদে সাড়ে ৮টায়, নিউ সেনপাড়া জামে মসজিদে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: আবারও হালদায় মৃত ডলফিন, আড়াই বছরে মারা পড়লো ২৫
রংপুর জেলায় ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সূত্র মতে, রংপুর মহানগরসহ জেলার আট উপজেলাতে ছোট-বড় মিলে পাঁচ হাজার ৯০টি তালিকাভুক্ত মসজিদ রয়েছে। এছাড়া বেশকিছু ওয়াক্তি মসজিদ এবং নির্মাণাধীন নতুন মসজিদ রয়েছে, যা এখনো তালিকাভুক্ত হয়নি। সব মিলে প্রায় ছয় হাজার মসজিদ রয়েছে এই জেলায়।
এবার ঈদুল ফিতরের জামাত আদায় শেষে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্তিসহ দেশে শান্তি-সম্মৃদ্ধি ও বিশ্ব মুসলিম উম্মাহর সম্প্রীতি কামনায় মোনাজাতে গুরুত্ব দেয়া হবে। এছাড়াও মাদক, সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ ও করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে মোনাজাত পরিচালনা করবেন ঈদ জামাতের খতিবগন।
এদিকে জেলার বিভিন্ন এলাকার মসজিদ কমিটি মাইকিং করে ঈদের জামাতে নামাজ আদায় করতে হলে মুসল্লিদের জায়নামাজ সঙ্গে নিয়ে আসাসহ বাড়ি থেকে ওজু করে আসতে বলছেন। এছাড়াও মুখে মাস্ক পড়াসহ স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মানতে মুসল্লিদের প্রতি আহ্বান করা হচ্ছে। একই সাথে শিশু, জ্বর, সর্দি, কাশি, হাঁচিসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তি ও অসুস্থ এবং বয়ষ্কদের মসজিদে আসতে নিষেধ করা হচ্ছে।
ইত্তেফাক/এসি
