আবারও হালদায় মৃত ডলফিন, আড়াই বছরে মারা পড়লো ২৫

আপডেট : ২৪ মে ২০২০, ১৯:৫৮

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও মৎস্য অভয়ারণ্য হালদা নদীতে ১৭ দিনের ব্যবধানে আবারও একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। এই নিয়ে গত আড়াই বছরে ২৫ টি মৃত ডলফিন উদ্ধার করা হলো। 

রবিবার সকাল ১২ টার দিকে রাউজান  উপজেলার উরকিরচর ইউনিয়নের মইশকরম এলাকা থেকে এই মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে মাছ শিকারীদের জালে আটকা পড়ে ডলফিনটির মৃত্যু হয়। 

উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল দৈনিক ইত্তেফাককে বলেন, সকাল ১১ টার দিকে হালদা নদীতে একটি মৃত ডলফিন ভাসতে দেখে স্থানীয়রা আমাকে খবর দেয়। পরে বিষয়টি ইউএনওকে জানাই। হালদা স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় মৃত ডলফিনটি নদীর তীরে নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে তিন-চারদিন আগে ডলফিনটি মারা গেছে। মৃত ডলফিনটি কর্ণফুলী নদীর থেকে জোয়ারের পানিতে ভেসে এসেছে। ইউএনও ঘটনা স্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ডলফিনটি মাটি চাপা দেন।

কথা বলতে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। 

আরও পড়ুন: থানার মধ্যে জুয়ার আসর, দুই পুলিশ প্রত্যাহার

এই বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া দৈনিক ইত্তেফাককে বলেন, বাহ্যিক লক্ষণ দেখে মনে হচ্ছে, হালদা থেকে উদ্ধার ডলফিনটি জেলেদের জালে আটকে শ্বাস বন্ধ হয়ে মারা গেছে। ডলফিনটি ৮ ফুট এক ইঞ্চি দৈর্ঘ্যের এবং ওজন আনুমানিক ৭০-৮০ কেজি। এটি এযাবত কালের সবচেয়ে বড় সাইজের ডলফিন।

উল্লেখ্য,  গত ৮ মে, শুক্রবার বিকাল তিনটার দিকে একই এলাকার ক্ষতবিক্ষত একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছিল। ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ২০২০ সালের ৮ মে পর্যন্ত ২৪টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছিল। ওই ডলফিনগুলোর মৃত্যুর কারণ ছিল ইঞ্জিন চালিত বোট, ড্রেজারের পাখার আঘাত, নদী দূষণ ও জেলেদের হত্যা।

ইত্তেফাক/এসি