লক্ষ্মীপুরে ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

আপডেট : ২৪ মে ২০২০, ২২:১৭

করোনা দুর্যোগে পড়া লক্ষ্মীপুরের অতি দরিদ্র মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার। লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল ও সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা ইসলাম তাদের সংসদীয় এলাকার বিভিন্ন গ্রামে এসব উপহার পাঠাচ্ছেন। এই ঈদ উপহারের মধ্যে আছে শাড়ি, লুঙ্গি, শিশু পোশাক ও ঈদের খাবার।

এ বিষয়ে সংসদ সদস্য সেলিনা ইসলাম বলেন, ‘দুঃসময়ে এলাকার মানুষের দায়িত্ব নিতে না পারলে আমি জনপ্রতিনিধি হলাম কিসের জন্য।’ শুধু লক্ষ্মীপুর নয় জন্মভূমি কুমিল্লার মেঘনা উপজেলার  কয়েক হাজার হতদরিদ্র এমনকি মধ্যবিত্ত মানুষের জন্য সহায়তা পাঠিয়েছেন তিনি। সেখানেও তালিকাভুক্তদের বাড়ি বাড়ি ঈদ উপহার পৌঁছে দেয়া হয়েছে। তার স্বামী সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলও লক্ষ্মীপুরে রায়পুরে মানবিক সেবা দিয়ে নন্দিত হয়েছেন।

তালিকাভুক্ত মানুষের বাড়ি বাড়ি উপহার পৌঁছে দিচ্ছেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। এজন্য স্বেচ্ছাসেবকও নিয়োগ করা হয়েছে। ‘মানবিক রাজনীতি’  স্লোগান নিয়ে ব্যতিক্রমী সহায়তা দিয়ে লক্ষ্মীপুরে নজির গড়েছেন এই সাংসদ দম্পতি। তারা ব্যক্তিগত তহবিল ও তাদের সেলিনা-শহীদ ফাউন্ডেশনের মাধ্যমে সংসদীয় আসনের ৫০ হাজার দরিদ্র মানুষকে খাদ্য ও ত্রাণ সহায়তা দেয়ার লক্ষ্য নিয়েছেন। যার মধ্যে প্রায় ২৫ হাজার মানুষকে এ সহায়তা দেয়া হয়েছে। বাকিদেরও পর্যায়ক্রমে এ সহায়তা দেয়া হবে।

ইত্তেফাক/জেডএইচডি