জীবননগরে আরও দুই করোনা রোগী শনাক্ত

আপডেট : ২৫ মে ২০২০, ২২:০৭

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আরও দুই করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন দুই করোনা রোগীর একজন উপজেলার বাঁকা গ্রামের এক নারী (৩৫) ও অপরজন ধোপাখালী গ্রামের যুবক (২৫)।

এরা ঢাকাতে চাকুরী করেন। ঈদের পূর্বে বাড়িতে ফেরার পর তাদের ভিতর করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেয়। এ নিয়ে এ উপজেলায় করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫ জনে। এদের মধ্যে দুই জন সুস্থ হয়ে উঠেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু জানান, কুষ্টিয়া পিসিআর ল্যাব হতে রবিবার ঐ দুই জনের করোনা পজিটিভ রিপোর্ট হাতে পাওয়া যায়। তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে।

জীবননগর থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, করোনায় আক্রান্ত বাঁকার গ্রামের নওদাপাড়ার আনোয়ারা খাতুন ও ধোপাখালী মাঠপাড়ার আশিকুর রহমানের বাড়ি লকডাউন করা হয়েছে। ঢাকা থেকে ফেরার পর হতে তারা হোম কোয়ারেন্টাইনে রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমআর