শিবচরের ইউএনও’র পরিবারের ঈদ খরচের টাকায় সেমাই ও বিরিয়ানি বিতরণ

আপডেট : ২৭ মে ২০২০, ১২:২৬

মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) পরিবারের ঈদ খরচের টাকায় হতদরিদ্র পরিবারের মধ্যে রান্না করা সেমাই ও বিরিয়ানি বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (২৫ মে) উপজেলার একটি গুচ্ছগ্রামে হতদরিদ্র ৫০ পরিবারের মধ্যে ইউএনও মো. আসাদুজ্জামান এ খাবার বিতরণ করেন।

এ সময় তার সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. রকিবুল হাসান। পদ্মার ভাঙনে ভূমিহীন পরিবারের জন্য সরকারি অর্থায়নে উপজেলার কুতুবপুর এলাকায় নির্মাণ করা হয়েছে একটি গুচ্ছগ্রাম। সেখানে ওই ৫০ পরিবার বসবাস করে।

মঙ্গলবার (২৬ মে) ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা প্রতি ঈদেই অনেক টাকা খরচ করে ঈদ উদযাপন করি। এ বছর নিজের পরিবারের ঈদ খরচের টাকা থেকে গুচ্ছগ্রামবাসীদের জন্য সামান্য বিরিয়ানি ও সেমাই রান্না করে নিয়ে যাই। তাদের মধ্যে নিজ হাতে খাবার বিতরণ করে আনন্দ লাগছে।’

আরো পড়ুন: করোনা সন্দেহে পিতাকে বস্তাবন্দী করে ফেলে গেল দুই ছেলে, কিছুক্ষণ পর মৃত্যু

এছাড়া শিবচরের স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটনের দিক নির্দেশনায় ইউএনও মো. আসাদুজ্জামান করোনা সময়ে অব্যাহত রেখেছেন নানামুখী তৎপরতা। 

এরমধ্যে করোনা সংকট মোকাবেলায় শুরু থেকেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য নিরাপত্তা সামগ্রী প্রদান, অসহায় দুস্থসহ নানা শ্রেণি-পেশার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া মানবিক সহায়তা , উপহার সামগ্রী ও বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত খাদ্যসামগ্রী বিতরণসহ নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।  

ইত্তেফাক/এএএম