কুমিল্লার লাকসামে করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠিয়েছে উপজেলা করোনা র্যাপিড রেসপন্স টিম। মঙ্গলবার নতুন করে এক জনপ্রতিনিধিসহ আরও ৫ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৪ জনে দাঁড়ালো।
জানা গেছে, শংকর চন্দ্র সরকার (৬৫) নামে ওই বৃদ্ধ পরিবারের সঙ্গে ব্যবসায়ী সাইফুলের বিল্ডিংয়ে ভাড়া থাকতেন। করোনা উপসর্গ নিয়ে সোমবার সন্ধ্যার পর তিনি মারা গেলে পরিবারের লোকজন তড়িঘড়ি তার লাশ দাহ করার উদ্যোগ নেয়। এতে সন্দেহ হলে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে প্রশাসন ও করোনা রেন্সপন্স টিম শ্মশানে গিয়ে লাশ থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠায় এবং পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেন।
আরো পড়ুন : কুমিল্লায় সিভিল সার্জনসহ ২১ চিকিৎসক হোম কোয়ারেন্টাইনে
লাকসাম উপজেলা র্যাপিড রেন্সপন্স টিম প্রধান ডা. আবদুল আলী জানান, লাকসাম পৌর শহরের দক্ষিণ লাকসাম (সাহাপাড়া) এলাকার বাসিন্দা শম্ভু চন্দ্র সরকারের ছেলে শংকর চন্দ্র সরকার ওইদিন সন্ধ্যায় নিজ বাসায় করোনার উপসর্গ নিয়ে মারা যায়। তিনি কাশি ও হৃদরোগে ভুগছিলেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এদিকে উপজেলায় নতুন করে এক জনপ্রতিনিধিসহ আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে একটি ওয়ার্ডে বাবা-ছেলে ও এক ব্যাংক স্টাফ। অপর ওয়ার্ডের একজন ও গোবিন্দপুর ইউনিয়নের এক নারী রয়েছেন। আক্রান্তরা আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
ইত্তেফাক/ইউবি
