জুড়ীতে করোনায় ও খাগড়াছড়িতে করোনা উপসর্গে দুইজনের মৃত্যু

আপডেট : ২৬ মে ২০২০, ২৩:১০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলা এক ব্যক্তির (৩৬) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সিলেটের সামছুদ্দিন সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বাড়ি উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের জালালপুর গ্রামে। অপরদিকে খাগড়াছড়ির মানিকছড়িতে করোনা উপসর্গে এক নারীর মৃত্যু হয়েছে।

জানা গেছে, ওই ব্যক্তি গত ১১ মে কিডনির সমস্যা নিয়ে সিলেটের একটি ক্লিনিকে ভর্তি হন। পরে করোনা পজিটিভ নিশ্চিত হলে ১৬ মে তাকে সিলেটের সামছুদ্দিন সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: লকডাউনে নিজের মাকে শেষবারের মতো দেখতে যাননি ডাচ প্রধানমন্ত্রী

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক জানান, করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির লাশ স্বাস্থ্যবিধি মেনে দাফনের প্রস্তুতি চলছে।

খাগড়াছড়ির প্রতিনিধি জানিয়েছেন, খাগড়াছড়ির মানিকছড়িতে করোনায় এক নারী গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। ওই নারীর শারমীন আক্তার (২৩)। তিনি মানিকছড়ির যোগ্যাছোলার চেয়ারম্যান পাড়ার মো. কোরবান আলীর মেয়ে।

জানা গেছে,  ১৯ মে শারমীন চট্রগ্রাম থেকে  সর্দি কাশি উপসর্গ  নিয়ে গ্রামের বাড়িতে আসেন। গত ৩/৪ দিন ধরে তার করোনার উপসর্গ থাকলেও কোনো হাসপাতালে পাঠানো হয়নি। বাড়িতে রেখে তার চিকিৎসা করানো হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে তার মৃত্যু ঘটে। 

মানিকছড়ি পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা জানান, মৃত্যুর খবর পেয়ে নমুনা সংগ্রহের জন্য মেডিকেল টিম পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/এসি