মির্জাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ২  

আপডেট : ২৭ মে ২০২০, ০৬:৫৬

টাঙ্গাইলের মির্জাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার রোয়াইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- মির্জাপুর উপজেলার বর্ধনপাড়া গ্রামের মোজাফ্ফর আলীর ছেলে এসএসসি পরীক্ষার্থী পারভেজ হোসেন (১৭) এবং ঢাকার ধামরাই থানার বাটলক্ষ্মী গ্রামের আশু দেওয়ান (৬৫)। তিনি মেয়ের জামাই  বর্ধনপাড়া গ্রামের ময়নাল শেখের বাড়ি বেড়াতে এসেছিলেন। 

এ ব্যাপারে মির্জাপুর থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান জানান, মঙ্গলবার রাতে মির্জাপুর-ওয়ার্শি-বালিয়া রোডে দুই বন্ধু পারভেজ ও নাহিদ বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রোয়াইল নামক স্থানে পথচারী আশু দেওয়ানকে চাপা দেয়। মোটরসাইকেলটি উল্টে খাদে পড়ে মোটরসাইকেলের দুইজনসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার কুমুদিনী হাসপাতালে ভর্তি করার পর মোটরসাইকেল চালক পারভেজ ও পথচারী আশু দেওয়ান মারা যান। আশঙ্কাজনক অবস্থায় মোটরসাইকেল আরোহী নাহিদকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।

ইত্তেফাক/ইউবি