ডামুড্যায় নতুন করে আরো ৪ জনের করোনা শনাক্ত

আপডেট : ২৮ মে ২০২০, ১৮:৪০

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় নতুন করে আরো ৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৮মে) বিকাল ৪ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মোহাম্মদ মোস্তফা।

আক্রান্তদের মধ্যে উপজেলার সিড্যা ইউনিয়নের ৩ জন এবং ডামুড্যা পৌরসভার ১ জন। তাদের শরীরে করোনার লক্ষণ না দেখা দিলেও তারা ঢাকা থেকে এসেছেন বলে নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। এ নিয়ে ডামুড্যায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। 

ডা. শেখ মোহাম্মদ মোস্তফা বলেন, ‘নতুন করে আরো ৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বর্তমানে ডামুড্যা উপজেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ২৬ জন।’

আরো পড়ুন: আম্ফানে পশ্চিম সুন্দরবনের সাড়ে ১১ হাজারের বেশি গাছ ক্ষতিগ্রস্ত 

এ ব্যাপারে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদ মুঠোফোনে জানান, করোনা পজিটিভ সংবাদ পাওয়ার সাথে সাথে আক্রান্ত এলাকার আশপাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের  টিম রোগীর অবস্থা পর্যবেক্ষণ করছে।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল ডামুড্যা পৌরসভার ৩নং ওয়ার্ডের বিশাকুড়িতে সর্বপ্রথম এক নারী করোনায় আক্রান্ত হন। এরপরে ধানকাটি ইউনিয়ন, কনেশ্বর ইউনিয়ন, দারুল আমান ইউনিয়ন এবং সর্বশেষ সিড্যা ইউনিয়নে করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়।

ইত্তেফাক/এএএম