পদ্মায় হঠাৎ পানি বাড়ায় শিবালয়ের আরিচা ও পাটুরিয়া এলাকায় নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। আরিচা ঘাট এলাকার ভাঙ্গনে হুমকিতে পড়েছে আরিচা বাজার। পানি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভাঙ্গনের তীব্রতা। পানি বৃদ্ধি পেয়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া পয়েন্টের তিনটি ঘাটের পন্টুনের প্রবেশ মুখ পানিতে তলিয়ে গেছে। এতে করে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল।
ইতোমধ্যেই ভাঙ্গনরোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে নেওয়া হয়েছে ভাঙ্গন এলাকা চিহ্নিত করে জিও ব্যাগ ফেলানোর প্রস্তুতি। আজ বৃহস্পতিবার প্রতিরোধ কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান, উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইনুদ্দিন আহমেদ, শিবালয় উপজেলা ভূমি কর্মকর্তা জনাব জাকির হোসেন, উপজেলার ভাইস চেয়ারম্যান লালন ফকির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস প্রমুখ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান পাটুরিয়া ঘাটে পন্টুনের প্রবেশদ্বার পানিতে তলিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পদ্মা নদীতে পানি বৃদ্ধির কারণে পাটুরিয়া ঘাটের ৩, ৪ ও ৫ নম্বর পন্টুনের প্রবেশদ্বার পানিতে তলিয়ে গেছে। পন্টুনের তিনটি স্তর থাকে লোমিট এবং হাইট এরি মধ্যে লো থেকে একটি পন্টুন মিট পয়েন্টে স্থানান্তর করা হয়েছে বাকি দুইটি ঘণ্টাখানেকের মধ্যে ওই দুটিও মিট পয়েন্টে স্থানান্তর করা সম্ভব হবে এবং ২ নম্বর পন্টুন স্বাভাবিক রয়েছে। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৫টি ফেরির মধ্যে সাতটি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপারের কাজে নিয়োজিত রয়েছে।
ইত্তেফাক/আরকেজি
