করোনা ভাইরাসের (কোভিড-১৯) ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই দেশের অর্থনীতির চাকা চালু রাখতে আগামী ৩১ মে থেকে শর্তসাপেক্ষে সীমিত পরিসরে অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক অবস্থায় ১৫ জুন পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এছাড়া ঐ দিন থেকে শর্তসাপেক্ষে সীমিত পরিসরে দেশ জুড়ে গণপরিবহন চালুরও ঘোষণা দেওয়া হয়েছে। আর ১ জুন থেকে তিন অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হচ্ছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা ভাইরাসজনিত পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে আগামী ৩১ মে থেকে শর্তসাপেক্ষে দেশের সার্বিক কার্যাবলি এবং জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সাপ্তাহিক ছুটিগুলো এ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত থাকবে। এ সময় এক জেলা থেকে অন্য জেলায় চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। প্রতিটি জেলার প্রবেশ ও বহির্গমন পথে চেকপোস্টের ব্যবস্থা থাকবে। এ সময় প্রয়োজন ছাড়া জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে। রাত ৮টা হতে সকাল ৬টা পর্যন্ত খুব জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে যাওয়া যাবে না। তবে সব সময়ই বাইরে চলাচলের সময় মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় জনসাধারণ ও সব কর্তৃপক্ষকে অবশ্যই স্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলতে হবে।
হাটবাজার, দোকান-পাটে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্য বিধি কঠোরভাবে প্রতিপালন করতে হবে। শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। শপিংমলে আগত যানবাহনসমূহকে অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে। হাটবাজার, দোকানপাট এবং শপিংমলসমূহ আবশ্যিকভাবে বিকাল ৪টার মধ্যে বন্ধ করতে হবে। তবে আইনশৃঙ্খলা, রাষ্ট্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা কাজে নিয়োজিত সংস্থা এবং জরুরি পরিষেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ, তাদের কর্মচারী ও যানবাহন এ নিষেধাজ্ঞার আওতা-বহির্ভূত থাকবে। সড়ক ও নৌপথে সকল প্রকার পণ্য পরিবহনের কাজে নিয়োজিত যানবাহন যেমন—ট্রাক, লরি, কার্গো ভেসেল প্রভৃতি চলাচল অব্যাহত থাকবে।
তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে না। অনলাইন কোর্স, ডিস্টেন্স লার্নিং অব্যাহত থাকবে। ব্যাংকিং ব্যবস্থা পূর্ণভাবে চালু করার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। সকল সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসসমূহ নিজ ব্যবস্থাপনায় সীমিত পরিসরে খোলা থাকবে। ঝুঁকিপূর্ণ ব্যক্তি, অসুস্থ কর্মচারী এবং সন্তান সম্ভবা নারীরা কর্মস্থলে উপস্থিত হওয়া থেকে বিরত থাকবেন। এক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের জন্য স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারিকৃত ১৩ দফা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে। এ সময় কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। উক্ত সময়ে শর্তসাপেক্ষে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে স্বাস্থ্যসম্মত বিধি নিশ্চিত করে গণপরিবহণ, যাত্রীবাহী নৌযান ও রেল চলাচল করতে পারবে। তবে সর্বাবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক জারিকৃত নির্দেশনা কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করতে হবে।
বিমান কর্তৃপক্ষ নিজ ব্যবস্থাপনায় প্লেন চলাচলের বিষয়টি বিবেচনা করবে। নিষেধাজ্ঞাকালে সকল প্রকার সভা-সমাবেশ, গণ জমায়েত ও অনুষ্ঠান আয়োজন বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক মসজিদসমূহে সর্বসাধারণের জামাতে নামাজ আদায় এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়সমূহে প্রার্থনা অনুষ্ঠান অব্যাহত থাকবে।
অর্ধেক যাত্রী নিয়ে চলবে ট্রেন
রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন গতকাল জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে রবিবার থেকে সীমিত আকারে কিছু আন্তঃনগর ট্রেন চালু হবে। আগে যে রুটে পাঁচটি আন্তঃনগর ট্রেন চলত, সেই রুটে এখন দুটি ট্রেন চলবে। সেক্ষেত্রে একটা সিট বাদ দিয়ে টিকিট বিক্রি করা হবে। অর্থাত্ একটি ট্রেনের পঞ্চাশ শতাংশ টিকিট বিক্রি করা হবে। মন্ত্রী বলেন, এভাবে আমরা দুই সপ্তাহ ট্রেন চালিয়ে দেখব। তারপর সরকার থেকে নতুন কোনো নির্দেশনা এলে আমরা আবার বিষয়টা বিবেচনা করব। এ ব্যাপারে শ?নিবার রেলভব?নের স?ম্মেলন কক্ষে ব্রিফিং কর?বেন মন্ত্রী।
বাড়তি ভাড়া নিয়ে বাস চালাতে চান মালিকরা
রবিবার থেকে নতুন ভাবে ভাড়া পুনর্বিন্যাস করে বাস চালাতে চাচ্ছেন মালিকরা। আর স্বাস্থ্যবিধি মেনে টার্মিনাল থেকে যাত্রী উঠানো ও কাউন্টার খোলা রাখা হবে। গতকাল এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও শ্যামলী পরিবহনের ম্যানেজিং ডিরেক্টর রাকেশ। তিনি বলেন, ‘তবে ভাড়ার হার কী রকম হবে এবং স্বাস্থ্যবিধি মেনে কীভাবে টার্মিনাল থেকে যাত্রী ওঠানামা করা হবে সেসব বিষয়ে আলোচনা করতে কাল (আজ শুক্রবার) সকাল ১১টায় বৈঠক হবে।’ বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ জানিয়েছেন, ‘ভাড়াসহ সার্বিক বিষয় নিয়ে কাল (আজ শুক্রবার) বিকাল ৩টায় বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে সরকারি কর্তৃপক্ষের সঙ্গে মালিকদের বৈঠক হবে।’
লঞ্চের ভাড়াও বাড়ছে
বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে রবিবার থেকে সীমিত পরিসরে চলবে লঞ্চ। তবে ভাড়া বাড়বে। আজ শুক্রবার বিকালে লঞ্চ মালিকদের সঙ্গে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মাহবুব উদ্দিন বলেন, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চালালে ধারণ ক্ষমতার পাঁচ ভাগের এক ভাগ যাত্রী নিয়ে গন্তব্যে রওনা করতে হবে। সেক্ষেত্রে ভাড়া বাড়ানোর বিষয়টি তো প্রাসঙ্গিক।
তিন অভ্যন্তরীণ রুটে চালু হচ্ছে ফ্লাইট
প্রায় দুই মাসেরও বেশি সময় পর অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হচ্ছে। আগামী ১ জুন সোমবার থেকে ফ্লাইট চালু হবে। গতকাল বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ সিদ্ধান্ত নেয়। এ ব্যাপারে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানিয়েছেন, প্রাথমিকভাবে শুধু ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলবে। সৈয়দপুর বিমানবন্দরেও ফ্লাইট চালুর চিন্তা-ভাবনা চলছে। প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত ২৪ মার্চ থেকে চীন ছাড়া সব দেশে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বেবিচক।
অভ্যন্তরীণ রুটে ইউএস-বাংলার ফ্লাইট : ১ জুন থেকে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু করবে। প্রাথমিক পর্যায়ে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট শুরু হবে। এছাড়া কক্সবাজার, যশোর, বরিশাল ও রাজশাহী রুটে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।
