উত্তপ্ত ভারত-চীন সীমান্ত মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের

আপডেট : ২৮ মে ২০২০, ২২:৩৭

ভারত ও চীনের মধ্যকার লাদাখ সীমান্তে উত্তেজনা বাড়ছে। সংঘাতের আশঙ্কায় পরমাণু শক্তিধর দেশ দুটি দ্রুত সৈন্য বাড়াচ্ছে সীমান্তের নিয়ন্ত্রণরেখায়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দুই দেশের সীমান্ত সমস্যা নিয়ে মধ্যস্ততার প্রস্তাব দিয়েছেন। খবর আনন্দবাজার পত্রিকার।

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতি উত্তপ্ত হয়েছে সম্প্রতি। চলতি মাসেই প্রথমে লাদাখে এবং পরে উত্তর সিকিমের নাকু লা অঞ্চলে হাতাহাতিতে জড়িয়েছিল ভারত ও চীনের                বাহিনী। তারপরে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে লাদাখের গালওয়ান উপত্যকায় এলএসি বরাবর চীন বিপুল সৈন্য সমাবেশ শুরু করার পরে। চীনের পর ভারতও পালটা সেনা সমাবেশ শুরু করেছে গালওয়ানে। আর উপগ্রহ চিত্রে দেখা গেছে, তিব্বতের এক বিমানঘাঁটিতে দ্রুত পরিকাঠামো বাড়াচ্ছে চীন। পরিস্থিতি এতটাই গুরুতর যে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবারই সর্বোচ্চ পর্যায়ের সামরিক কর্তাদের ডেকে বৈঠক করেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও নিজের বাহিনীকে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য তৈরি থাকার নির্দেশ দেন।

প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে লিখেছেন, ‘আমরা ভারত ও চীন উভয়কেই জানিয়েছি, তাদের সীমান্তে এখন যে সমস্যা চলছে, তার মধ্যস্থতা ও মীমাংসা করতে আমেরিকা প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম।’ বুধবার ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সুন ওয়েডং বলেছেন, ভারত-চীন একে অন্যের পক্ষে বিপজ্জনক নয়। দুই দেশের মধ্যে মতবিরোধ কখনোই এমন পর্যায়ে যাবে না যে, তা দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে। অন্যদিকে চীনের পক্ষ নিয়ে ভারত সরকারকে আক্রমণ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।