দৈনিক ইত্তেফাকের ভাণ্ডারিয়া সংবাদদাতার ইন্তেকাল

আপডেট : ২৮ মে ২০২০, ২২:৪৪

দৈনিক ইত্তেফাকের ভাণ্ডারিয়া সংবাদদাতা কাজী মো. ফজলুর রহমান (৬৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ...রাজিউন)। তিনি গত রবিবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার সাভারে একটি হাসপাতালে লিভারজনিত রোগে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি বেসরকারি রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন এবং ৩৬ বছর ইত্তেফাকের ভাণ্ডারিয়া সংবাদদাতার দায়িত্ব পালন করেন। রবিবার রাতেই নিজ গ্রামে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার বাড়ি ভাণ্ডারিয়া উপজেলার উত্তর পৈকখালী। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বড়ো ভাই মরহুম কাজী বজলুর রহমান দৈনিক ইত্তেফাকের কর্মচারী ইউনিয়নের সভাপতি ছিলেন। ছোটো ভাই কাজী দেলোয়ার হোসেন ১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার এরশাদবিরোধী আন্দোলনে শহিদ হন।

কাজী মো. ফজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সংসদ সদস্য ও দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ইত্তেফাকের পিরোজপুর অফিস প্রধান মো. মুনিরুজ্জামান নাসিম আলী, বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজ প্রমুখ।

মরহুমের কবর জিয়ারতে দক্ষিণাঞ্চলের সাংবাদিকরা

দৈনিক ইত্তেফাকের ভাণ্ডারিয়া সংবাদদাতা সদ্য প্রয়াত কাজী মো. ফজলুর রহমানের কবর জিয়ারত করেছেন দক্ষিণাঞ্চলের সাংবাদিকরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভাণ্ডারিয়া উপজেলার উত্তর পৈকখালীস্থ পারিবারিক কবরস্থানে জিয়ারতকালে উপস্থিত ছিলেন ইত্তেফাকের পিরোজপুর অফিস প্রধান মো. মুনিরুজ্জামান নাসিম আলী, বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজ, ঝালকাঠি জেলা প্রতিনিধি মো. শফিউল আলম সৈকত, বাগেরহাটের মোংলা সংবাদদাতা এইচ এম দুলাল, কাঠালিয়া সংবাদদাতা অধ্যাপক মো. আবদুল হালিম, বরগুনার বেতাগী সংবাদদাতা মো. মিজানুর রহমান মজনু, কাউখালী সংবাদদাতা মো. রবিউল ইসলাম রবিন, মঠবাড়িয়া সংবাদদাতা রফিকুজ্জামান আবির, ইন্দুরকানি সংবাদদাতা আহাদ শিমুল, পিরোজপুর অফিসের তথ্য প্রেরণকারী মো. হুমায়ুন কবির, বরিশাল অফিসের ফটোসাংবাদিক ফারুক লিটু প্রমুখ। কবর জিয়ারতের পূর্বে মরহুম কাজী মো. ফজলুর রহমানের বাসভবনে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করেন সাংবাদিকবৃন্দ। এ সময় স্বামীহারা স্ত্রী, পিতৃহারা ছেলেমেয়ে ও পরিবারের সদস্যদের সমবেদনা জানানো হয়।

ইত্তেফাকের তিন ইউনিয়নের শোক

কাজী মো. ফজলুর রহমানের মৃত্যুতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইত্তেফাক ইউনিটের ইউনিট প্রধান আমীর মুহম্মদ, উপ-ইউনিট প্রধান আনিস মন্ডল, দৈনিক ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. গোলাম আখতার ও সাধারণ সম্পাদক মো. আবু জাফর, দৈনিক ইত্তেফাক (এন.এন.পি.পি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. তাজাম্মেল হক, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।