গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত র্যাপিড টেস্ট কিটে করোনা ভাইরাসের পরীক্ষায় ফলাফল পজিটিভ আসার পর এবার পিসিআর টেস্টেও একই ফল এসেছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর। পিসিআর টেস্টে প্রথমে অনাগ্রহ দেখালেও বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) নমুনা দেন তিনি। ঐ নমুনা পরীক্ষার ফল আসে গতকাল বৃহস্পতিবার, তাতেও পজিটিভি এসেছে। ৭৯ বছর বয়সি প্রবীণ চিকিত্সক ডা. জাফরুল্লাহ বর্তমানে ধানমন্ডিতে নিজ বাড়িতে থেকেই চিকিত্সা নিচ্ছেন। সোমবার তার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে।
এদিকে, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রতিনিধির মাধ্যমে জাফরুল্লাহর জন্য ফুল ও ফল পাঠিয়েছেন বিএনপি নেত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার জন্য একটি কেবিন প্রস্তুত করে রাখা হয়েছে। কেবিনের ব্যবস্থা করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডা. জাফরুল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘আমি নিজে একজন চিকিত্সক। আমি যদি হাসপাতালে ভর্তি হই তাহলে করোনায় আক্রান্ত রোগীদের কাছে একটি ভুল বার্তা যাবে। আক্রান্তরা মনে করবেন করোনা পজিটিভি হলেই মনে হয় হাসপাতালে যেতে হবে। আমি যেহেতু চিকিত্সক, তাই আমি জানি হাসপাতালে কখন যেতে হয়। আমি বাসাতেই আইসোলেশনে আছি, প্যারাসিটামল, গরম পানি ও মধু খাচ্ছি।’
দুই নেত্রীর খোঁজ নেওয়ার বিষয়টি জানিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশে করোনা আক্রান্তদের মধ্যে সম্ভবত আমিই একমাত্র সৌভাগ্যবান রোগী, যার খোঁজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিয়েছেন। দুজনের প্রতি আমি কৃতজ্ঞ।’
