ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃতে সংখ্যা বেড়ে ৪৪

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ২২:৫৯

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলে নিহতের সংখ্যা ৪৪ জনে দাঁড়িয়েছে। সোমবার নর্দান ক্যালিফোর্নিয়া থেকে আরো ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া হয়েছে। প্রচন্ড বাতাস বইছে। দমকল কর্মীরা চেষ্টা করেও দাবানল নিয়ন্ত্রণে আনতে পারছেন না। খবর সিএনএন ও রয়টার্সের

নর্দান ক্যালিফোর্নিয়ার বিউটি কাউন্টির শেরিফ কারি হানিয়া বলেছেন, প্রধান দাবানল ক্যাম্প ফায়ারের হানায়ই নিহত হয়েছে ৪২ জন। ২২৮ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ১৫ হাজার বাড়ি-ঘর হুমকিতে রয়েছে। লস অ্যাঞ্জেলসের পশ্চিমের মালিবু শহরে উলসি ফায়ারের আঘাতে মারা গেছে ২ জন। এখানে ৪৩৫ টি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। দুই লাখ বাসিন্দা বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। ক্যাম্প ফায়ার ইতোমধ্যে দাবানলের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছে। বৃহস্পতিবার শুরু হওয়া এই দাবানলে ৭ হাজার ২শ’ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। হানিয়া জানান, উদ্ধারকার্যে আরো দেড়শ’র বেশি কর্মী অংশ নিচ্ছেন মঙ্গলবার। শেরিফ জানান, তারা মার্কিন সেনাবাহিনীর দুর্যোগ ব্যবস্থাপনার সময় ব্যবহূত মর্গ দল, ফরেনসিক বিশেষজ্ঞ এবং গোয়েন্দা কুকুর পাঠানোর অনুরোধ জানিয়েছেন।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে প্যারাডাইস শহরে। এখানে এখনো ৫২ হাজার বাসিন্দা আছেন যাদেরকে দ্রুত বাড়ি ছাড়ার নিদের্শ দেওয়া হয়েছে। হানিয়া জানান, তারা স্বজনদের উদ্ধারের আহবান জানিয়ে অন্তত ১৫শ’ ফোন কল পেয়েছেন। ১৯৩৩ সালে দাবানল গ্রিফিত পার্ক এর আঘাতে ৩১ জন নিহত হয়েছিল। এবার সেই রেকর্ড ছাড়িয়েছে। ফ্লোরিডার গভর্ণর জেরি ব্রাউন এখানে বিশেষ জরুরি অবস্থা জারি করতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহবান জানিয়েছেন। প্যারাডাইস, মালিবু এবং সংলগ্ন এলাকা থেকে প্রায় তিন লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। দমকলকর্মীরা জানিয়েছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল থেকে যে দাবানল লেগেছিল তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।