স্পোর্টস রিপোর্টার
হূদরোগে আক্রান্ত হয়ে গত বুধবার (২৭ মে) না ফেরার দেশে চলে গেছেন খুলনা জেলা দলের অধিনায়ক ও স্থানীয় পর্যায়ের কোচ কাজী রিয়াজুল ইসলাম কাজল। যশোরে শ্বশুরবাড়িতে রাতে খাওয়া-দাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন কাজল। পরে খুলনা হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৩২ বছর বয়সি এই ক্রিকেটার।
কাজলের মৃত্যুতে শোকাহত ক্রিকেটাঙ্গন। তার মৃত্যুতে ক্রিকেটাররা, বিসিবি, ক্রিকেটারদের সংগঠন কোয়াবও (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) শোক প্রকাশ করেছে। খুলনা ও ঢাকার ক্লাব ক্রিকেটে বেশ পরিচিত নাম কাজল। রুবেল হোসেনসহ খুলনার ক্রিকেটারদের সতীর্থ ছিলেন তিনি। চার বছর বয়সি শিশু কন্যা ও স্ত্রীকে নিয়ে গড়া সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন কাজল। তার অকাল প্রয়াণে গভীর সংকটে পড়ে যাওয়া পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
গতকাল রুবেল হোসেন এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের উদ্যোগে ক্রিকেটাররা কাজলের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দিয়েছেন। রুবেল লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, ক্রিকেটার কাজলের পরিবারের পাশে দাঁড়িয়েছে। এমন মহত্ কাজে আমাদের সবাইকে উদ্বুদ্ধ করেছেন অধিনায়ক তামিম ইকবাল। তার উদ্যোগেই মূলত আমাদের করোনা ভাইরাসের মধ্যে অসহায় দুস্থ গরীব মানুষদের জন্য গঠিত তহবিল থেকে কাজলের পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।’ ইতিমধ্যে সেই অর্থ কাজলের পরিবারকে পৌঁছে দিয়েছেন রুবেল। ডানহাতি এই পেসারের আশা সাবেক ক্রিকেটার, সংগঠক, ক্লাব মালিকরাও এগিয়ে আসবেন কাজলের পরিবারের সহযোগিতায়।
