ভারতে জেএমবির অন্যতম শীর্ষ নেতা করিম গ্রেফতার

আপডেট : ২৯ মে ২০২০, ১৯:৫৬

ভারতে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) অন্যতম শীর্ষ নেতা আবদুল করিম ওরফে বড় করিমকে গ্রেফতার করেছে দেশটির স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশ জানায়, বৃহস্পতিবার মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে করিমকে গ্রেফতার করা হয়েছে। সেখানে ছদ্মবেশে লুকিয়ে ছিল সে। তার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও কাগজপত্র জব্দ করা হয়েছে। শুক্রবার করিমকে ব্যাঙ্কশাল আদালতে নিয়ে পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, দীর্ঘদিন ধরেই করিমের খোঁজ করছিল বাংলাদেশের প্রশাসন, ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) ও পশ্চিমবঙ্গ পুলিশ। এর আগে ২০১৮ সালে করিমের বাড়িতে তল্লাশিও চালিয়েছিল পুলিশ। ওই সময় প্রচুর বিস্ফোরক উদ্ধারের পাশাপাশি গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ হলেও পালিয়ে গিয়েছিল এই জঙ্গি নেতা।

আরও পড়ুন: শ্রমিক স্পেশালের নামে চলছে করোনা স্পেশাল ট্রেন: মমতা

করিমের গ্রেফতারকে বড় সাফল্য হিসেবে দেখছেন ভারতীয় গোয়েন্দারা। তাদের দাবি, ভারতে জেএমবির শীর্ষ নেতা সালাউদ্দিন সালেহিনের পরেই করিমের অবস্থান। জেএমবির ধূলিয়ান শাখার দায়িত্ব তার ওপর ছিল বলে ধারণা গোয়েন্দাদের। জিনিউজ।

ইত্তেফাক/আরআই