করোনা ভাইরাসের সংক্রমণ ফলে চলতি বছর সিঙ্গাপুরের অর্থনৈতিক সংকোচন হতে পারে ৭ শতাংশ। এমন হলে তা হবে স্বাধীনতার পর নগর-রাষ্ট্রটির অর্থনীতির জন্য সবচেয়ে বাজে সংকোচন। সম্প্রতি দেশটির অর্থনীতি টিকিয়ে রাখতে প্রণোদনা ঘোষণাকালে অর্থমন্ত্রী হেং সুই কিট বলেছেন, মহামারির কারণে সিঙ্গাপুর অভাবনীয় সংকটের মধ্যে পড়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে আগের বছরে একই সময়ের তুলনায় সিঙ্গাপুরের অর্থনৈতিক সংকোচন হয়েছে শূন্য দশমিক ৭ শতাংশ। বহির্বিশ্বে চাহিদার ব্যাপক পতন ও বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে নতুন করে ৭ শতাংশ সংকোচনের পূর্বাভাস দেওয়া হয়েছে।
