এই সময়ের ছড়া
হাসনাত আমজাদ
শনিবার দিন নয় শুভ তা শুনেছি সেই কবে
বয়স তখন সাত কিবা আট হবে।
বন্ধুরা কেউ ডাকলে সেদিন যাইনি মাঠে খেলায়
উঠিনি তাই, নৌকা কিবা ভেলায়।
তেরো তারিখ? ওরে বাবা, মনের ভেতর ভয়
না জানি কী দুর্ঘটনা হয়।
আনলাকি খুব, বলত সবাই, আনলাকি থার্টিন
ভালো কিছু ঘটবে আশা ক্ষীণ।
দাঁত পড়েছে? খোঁজো কোথায় করল ইঁদুর গর্ত
গর্ততে দাও, এমন ছিল শর্ত।
পরীক্ষাতে যাবার আগে খেতাম না ডিম, কারণ
গোল্লা পাব, তাই তো দাদির বারণ।
চৌকাঠে কেউ বসে যদি, আসবে দারুণ অভাব
তাই বসি না, বাল্যকালের স্বভাব।
ছেলেবেলার এসব প্রথা গেছি কি আজ ভুলে?
ভুললে জীবন ভরত ফুলে ফুলে।
অজ্ঞতা আর কুসংস্কারের চলন আজো ভারি
একবিংশেও বাদ দিতে না পারি।
