করোনায় থেমে গেছে সংসদীয় কার্যক্রমও

আপডেট : ২৯ মে ২০২০, ২২:৩৭

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে স্থবির হয়ে পড়েছে সংসদীয় কার্যক্রমও। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে গত ১৮ এপ্রিল সংসদের সপ্তম অধিবেশন বসে, তবে করোনার কারণে সেটি শেষ করা হয় এক কার্যদিবসেই। সংসদীয় ইতিহাসের সংক্ষিপ্ততম ঐ অধিবেশনের স্থায়িত্ব ছিল মাত্র সোয়া এক ঘণ্টা। আর ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি শুরুর পর বৃহস্পতিবার পর্যন্ত ৬৩ দিনে সংসদীয় কমিটিগুলোর মধ্যে মাত্র একটি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এক দিন বৈঠক করতে পেরেছে। এছাড়া সংসদের কার্যোপদেষ্টা কমিটির একটি বৈঠক হয়েছে।

জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত ৩৯টি এবং বিষয় বা প্রতিষ্ঠানভিত্তিক ১১টি স্থায়ী কমিটি রয়েছে। এর মধ্যে শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি করোনা মহামারির মধ্যেই গত ১৭ মে সংসদ ভবনে বৈঠক করেছে। সংসদনেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে আলোচনা সাপেক্ষে ঐ দিন বৈঠক ডাকেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ বিষয়ে বলেছেন, করোনা ভাইরাসের মধ্যেও ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সংসদীয় কমিটির বৈঠক হয়েছে। বৈঠকে প্রথমবারের মতো দুই জন  রাষ্ট্রদূত (জাপান ও রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত) বিদেশে দায়িত্ব পালনকালে দেশের জন্য ও প্রবাসী বাংলাদেশিদের জন্য কী কী কাজ করবেন এবং কী ধরনের উদ্যোগ নেবেন, তা উপস্থাপন করেন।

সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, প্রতিটি সংসদীয় কমিটির মাসে অন্তত একটি বৈঠক করার কথা, কিন্তু করোনা মহামারির কারণে পররাষ্ট্র ছাড়া ৫০টি কমিটির অবশিষ্ট কমিটিগুলো সাধারণ ছুটির মধ্যে কোনো বৈঠক করতে পারেনি। তবে সংসদের কার্যোপদেষ্টা কমিটি ১৮ এপ্রিল অনুুষ্ঠিত সংসদের সপ্তম অধিবেশনের আগে বৈঠক করে। এই কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ঐ বৈঠকে কমিটির সদস্য সংসদনেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অংশ নেন।

করোনা ভাইরাস মহামারির মধ্যেই শুধু সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আগামী ১০ জুন বুধবার শুরু হতে যাচ্ছে চলতি একাদশ সংসদের অষ্টম অধিবেশন। এটা হবে এই সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) পরদিন ১১ জুন বৃহস্পতিবার সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করবেন।       পৃষ্ঠা স্পিকার শিরীন শারমিন চৌধুরী ইত্তেফাককে জানান, স্বাস্থ্যবিধি অনুসরণ করেই সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে গত ১৮ এপ্রিল এক কার্যদিবসের সপ্তম অধিবেশন হয়েছিল। এবারও স্বাস্থ্যবিধি অনুসরণ করেই বাজেট অধিবেশন হবে। সংবিধান অনুযায়ী অধিবেশন না ডাকার কোনো উপায় নেই। সংবিধান মোতাবেক একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকার বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসাবে ১৭ জুনের মধ্যে অধিবেশন ডাকার বাধ্যবাধকতা ছিল। এজন্য রাষ্ট্রপতি ১০ জুন অধিবেশন ডেকেছেন।

স্পিকার জানান, সপ্তম অধিবেশনের মতো এবারও সীমিতসংখ্যক সদস্যের উপস্থিতিতে অধিবেশন চলবে। যেহেতু এটা বাজেট অধিবেশন, তাই বাজেটের ওপর আলোচনা হবে। সম্ভবত ১৫-২০ কার্যদিবস চলতে পারে বাজেট অধিবেশনটি। সংসদ সদস্যরা পালা করে অধিবেশনে আসবেন। প্রতিদিন সবার আসার দরকার নেই। যেদিন যাদের বক্তব্য থাকবে, সেদিন শুধু তারাই অধিবেশনে যোগ দেবেন। তিনি বলেন, ‘এটা আমরা করছি এ কারণে যে করোনার সংক্রমণ রোধে অধিবেশনকক্ষে একজন সদস্যের সঙ্গে আরেকজনের যেন প্রয়োজনীয় দূরত্ব বজায় থাকে।

একাদশ জাতীয় সংসদ যাত্রা শুরুর ১০ কার্যদিবসের মধ্যে ৫০টি সংসদীয় স্থায়ী কমিটি করা হয়েছিল। দ্রুততার সঙ্গে কমিটি গঠন করা হলেও অবশ্য কাজের ক্ষেত্রে বেশির ভাগ কমিটির তেমন তত্পরতা দেখা যায়নি স্বাভাবিক সময়েও। মাসে অন্তত একটি বৈঠক করার নিয়ম থাকলেও করোনা সংক্রমণের আগেও বেশির ভাগ কমিটি তা অনুসরণ করেনি।

সংসদীয় কমিটির প্রধান কাজ কমিটির আওতাধীন মন্ত্রণালয়ের কাজ পর্যালোচনা, অনিয়ম ও গুরুতর অভিযোগ তদন্ত করা। বিল পরীক্ষা-নিরীক্ষা করে মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া বা সুপারিশ করাও সংসদীয় কমিটির অন্যতম দায়িত্ব।

সংসদ সচিবালয় থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, চলতি সংসদ শুরুর প্রথম ১০ মাসে বেশির ভাগ কমিটিই নিয়ম অনুযায়ী বৈঠক করেনি। মন্ত্রণালয়ভিত্তিক মাত্র তিনটি সংসদীয় কমিটি ১০টি বা তার বেশি বৈঠক করেছে। সাতটির কম করে বৈঠক করেছে ২৪টি কমিটি। তিনটি করে বৈঠক করেছে জনপ্রশাসন, খাদ্য, অর্থ, ভূমি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। তবে একাধিক কমিটির সভাপতি ইত্তেফাককে জানান, কমিটির বৈঠক ডাকার পূর্বপ্রস্তুতি থাকলেও করোনায় সাধারণ ছুটির কারণে গত ৬৩ দিনে বৈঠক করা সম্ভব হয়নি। এমনকি বৈঠকের তারিখ নির্ধারণের পরেও সাধারণ ছুটির কারণে সেটি স্থগিত করতে হয়েছে।