মহামারি করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র পরিবারের জন্য দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় দুই ইউপি চেয়ারম্যান ও এক ইউপি সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন—বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন ভূঁইয়া, নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ ও একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য তাহের মিয়া। বৃহস্পতিবার তাদের বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন দুই ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, জেলায় মহামারি করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র ৭৫ হাজার পরিবারকে ঈদ-উপহার হিসেবে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে আড়াই হাজার টাকা করে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে ২৫ হাজারেরও বেশি পরিবারের কাছে উপহারের টাকা পৌঁছেছে। তবে এই উপহারের তালিকা তৈরিতে বিষ্ণুপুর ইউপি চেয়ারমরম্যান জামাল উদ্দিন ভূঁইয়া, বীরগাঁও ইউপি চেয়ারম্যান কবির আহমেদ ও ইউপি সদস্য তাহের মিয়ার বিরুদ্ধে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠে। জেলা প্রশাসন অভিযোগ তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সরকার বিভাগে চিঠি দেওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হলো।
