করোনা ভাইরাসে জরুরি সরকারি ত্রাণকার্য পরিচালনায় বাধা ও অবৈধ হস্তক্ষেপ এবং টাঙ্গাইল সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে টাঙ্গাইল সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান নাজমুল হুদাকে (নবীন) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভাইস-চেয়ারম্যান নাজমুল হুদা (নবীন) সরকারি জরুরি ত্রাণ তার ইচ্ছামতো তালিকা বহির্ভূতভাবে তাকে প্রদান না করায় টাঙ্গাইল সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)কে মারধর, লাঞ্ছিতকরণ, প্রাণনাশের হুমকি, হেনস্তা ও সরকারি কর্তব্য পালনে অযাচিত হস্তক্ষেপ করেন। ইতিপূর্বে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্রিজের টেন্ডারকাজে বাধা প্রদান ও শিডিউল বিক্রি না করার জন্য হুমকি প্রদানসহ ভূমিহীনদের জন্য দুর্যোগ সহনীয় ঘর নির্মাণে অবৈধ হস্তক্ষেপ ও পিআইও-র কাছে চাঁদা দাবি করেন। এছাড়াও তিনি করোনা ভাইরাসজনিত বৈশ্বিক মহামারিতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে কর্মহীনদের মধ্যে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে তালিকা প্রণয়নে অযাচিত হস্তক্ষেপ করেন। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, তার স্বীয় পদে বহাল থেকে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করা রাষ্ট্র বা পরিষদের স্বার্থের হানিকর হতে পারে। তাই জনস্বার্থে তাকে উপজেলা পরিষদ আইন অনুযায়ী স্বীয় পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
