প্রধানমন্ত্রীকে প্রিন্স চার্লসের চিঠি

আপডেট : ২৯ মে ২০২০, ২২:৪৭

বাংলাদেশে সুপার সাইক্লোন আম্ফানের ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছেন যুক্তরাজ্যের প্রিন্স চার্লস। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘প্রিন্স চার্লস তার ও পত্নী ডাচেস অব কর্নওয়াল ক্যামিলিয়ার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে এই দুঃখ প্রকাশ করেন।’

চার্লস চিঠিতে লিখেছেন, ‘প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে বাংলাদেশে মানুষের জানমালের ক্ষয়ক্ষতিতে আমি এবং আমার স্ত্রী যে কি পরিমাণ দুঃখিত হয়েছি তা আপনাকে জানাতে চাই।’ প্রিন্স চার্লস বলেন, যারা হতাহত       হয়েছে বা ঘূর্ণিঝড়ে যাদের ঘরবাড়ি ভেসে গেছে তাদের জন্য তার এবং ক্যামিলিয়ার হূদয় ভেঙে গেছে। তিনি লিখেন, ‘আমরা বুঝতে পারি এটা আপনার জনগণের কাছে কতটা ভয়ানক কঠিন ছিল, কেননা, এ সময় তারা একটি আনন্দঘন ঈদ উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছিলেন।

প্রিন্স চার্লস বলেন, ‘আমাদের সম্ভব সবচেয়ে বড়ো সমবেদনা এবং বিশেষ প্রার্থনা, আপনার কোভিড-১৯ মহামারি এবং এই ভয়াবহ তীব্র ঝড়ের ক্ষতি, উভয়ের বিরুদ্ধেই লড়াইয়ের প্রেক্ষাপটে এমন নিদারুণ উদ্বেগের সময়ে বাংলাদেশের জনগণের সঙ্গে রয়েছে।’ সুপার সাইক্লোন আম্ফান ২০ মে বিকালে ভারত এবং বাংলাদেশে আঘাত হানে, ফলে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ব্যাপক ক্ষতি সাধিত হয়।