ইংল্যান্ড সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ

আপডেট : ৩০ মে ২০২০, ২০:৪৬

করোনা বদলি দাবি ইংল্যান্ডের

 স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলতে রাজি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। সবুজ সংকেত দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। সফরটি মূলত জুনে হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের প্রকোপে পিছিয়ে জুলাইয়ে নিয়ে আসা হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এক খবর বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডও (ইসিবি) ব্রিটেন সরকারের কাছ থেকে সিরিজ আয়োজনের ছাড়পত্র পেয়েছে। আর এই সিরিজকে সামনে রেখে আইসিসির কাছে করোনা ভাইরাসজনিত বদলি রাখারও দাবি জানিয়েছে ইসিবি। টেস্ট ম্যাচের মাঝপথে যদি কোনো ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত হন, তাহলে তার জন্য বদলি ক্রিকেটার নেওয়ার নিয়ম দেখতে চায় তারা।

যদিও আইসিসি ক্রিকেট কমিটি কিছুদিন আগে সুপারিশ করেছে, এক জন আক্রান্ত হলেও ম্যাচ সেখানেই বাদ রেখে ম্যাচে সম্পৃক্ত সবাইকে কোয়ারেন্টাইনে রাখতে। এখানেই আপত্তি ইংল্যান্ডের। ম্যাচ বাদ হয়ে গেলে তো তাদের এতদিনের পুরো আয়োজনই ভেস্তে! ইসিবির স্পেশাল অপারেশনস ডিরেক্টর ও সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার স্টিভ এলওয়ার্দি বলছেন, তাদের চাওয়া বদলি ক্রিকেটার, যেটিকে বলা হচ্ছে, ‘কোভিড-১৯ বদলি।’ তিনি বলেন, ‘আমাদের মেডিক্যাল টিম এই জায়গাগুলো নিয়ে কাজ করছে। এটির একটি অংশ নিশ্চিতভাবেই হবে, কেউ পজিটিভ হলে যত দ্রুত সম্ভব তাকে আলাদা করে ফেলা। প্রতিটি ভেন্যুতে আইসোলেশন কক্ষ গড়ে তুলছি আমরা। আক্রান্তকে দ্রুত সেখানে নেওয়া হবে। ’

তিনি আরো বলেন, ‘কোভিড-১৯ বদলি নিয়ে আলোচনা চলছে। টেস্ট ম্যাচ বা ওয়ানডে, সকালে পরীক্ষা করানো হবে ক্রিকেটারদের, কেউ উতরে গেলে মাঠে নামবে, কেউ পজিটিভ হলে সরিয়ে ফেলা হবে। এটি (বদলি) মূলত টেস্ট ক্রিকেটের জন্যই বিবেচিত হবে। আমরা আশা করছি, জুলাইয়ে টেস্ট সিরিজ শুরুর আগেই এটি নিয়ম করা হবে।’