স্পোর্টস ডেস্ক
এক ম্যাচে দুই বার টস। তাও আবার বিশ্বকাপের ফাইনালে। এমন ঘটনা ঘটেছিল ২০১১ সালের বিশ্বকাপে।
দুই বার টস হতে দেখে অবাক হয়েছিলেন ভারতের সেই দলে থাকা রবিচন্দ্রন অশ্বিন। ইন্সটাগ্রাম লাইভে তাকে সেই ঘটনার ব্যাখ্যা দেন তখনকার লঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা।
তিনি বলেন, ‘প্রচণ্ড গর্জন ছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে। টসে কী ডেকেছিলাম আমার মনে আছে। কিন্তু মাহি (ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি) নিশ্চিত ছিল না আমি কী ডেকেছি। সে বলল ‘তুমি কী টেইলস ডেকেছ?’ আমি বললাম, না, আমি হেডস ডেকেছি।’
অবশ্য দ্বিতীয় বারও টস জিতে ছিলেন সাঙ্গাকারা। কিন্তু এতে করে ভাগ্য কতোটা তাদের সঙ্গ দিয়েছিল বুঝতে পারছেন না লঙ্কান সাবেক এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তিনি বলেন, ‘এর পর ম্যাচ রেফারি (জেফ ক্রো) বলেছিল, আমি টস জিতেছি। সঙ্গে সঙ্গে মাহি বলে উঠল, ‘না, না, না ও জেতেনি।’ এখানে কিছুটা সংশয় ছিল। এর পর মাহি বলল, ‘চল আবার টস করি।’ এবং তখনই দ্বিতীয় বার টস করা হলো এবং ভাগ্যক্রমে আবারও হেডসই পড়ল, আমি জানি না, টস জিতে আমি ভাগ্যবান ছিলাম কী না। কারণ সম্ভবত আমি যদি হারতাম, তাহলে ভারত মনে হয় আগে ব্যাট করত।’
