লুট হওয়া শর্টগানসহ ৩ ডাকাত গ্রেফতার

আপডেট : ৩০ মে ২০২০, ২১:৪৫

গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও গ্রামের চায়না ফ্যাক্টরির লুট হওয়া শর্টগানসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৯ মে) ভোরে অভিযানে ডাকাতদের গ্রেফতার পর তাদের জবানবন্দী অনুযায়ী শনিবার সকালে লুট হওয়া শর্টগান উদ্ধার করা হয়। দুপুরে তাদের গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের বিরিন্দা গ্রামের রমিজ উদ্দিনর ছেলে  মো. হারুন মিয়া (২৪), একই এলাকার মোমেন সরকারের ছেলে সুজন সরকার (২০) ও একই উপজেলার আশরাফপুর গ্রামের কবির মিয়ার ছেলে অনিক মিয়া (১৯)। 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, গত মাসের ২২ তারিখ দিবাগত রাতে কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও গ্রামের চায়না ফ্যাক্টরিতে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় কোনো মালামাল না নিয়ে গেলেও কারখানার নিরাপত্তা প্রহরীর কাছ থেকে একটি শর্টগান লুট করা হয়। পরে ৩০ এপ্রিল কারখানার কর্মকর্তা হোসেন আলী বাদি হয়ে অজ্ঞাত ৮/৯ জনকে আসামি করে ডাকাতি মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে প্রায় এক মাস বিভিন্নস্থানে দীর্ঘ অভিযান পরিচালিত হয়। এরই ধারবাহিকতায় ২৯ মে ভোর থেকে ৩০ মে সকাল পর্যন্ত দুই দিনব্যাপী ওসির নেতৃত্বে থানার এসআই সোহেল মোল্লা, জিহাদুল হক শামসুদ্দোহাসহ সঙ্গীয় ফোর্সর অভিযানে তিন ডাকাতকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। 

আরও পড়ুন: ‘ছাদের বাড়ি লাগবেনা, তুই ফিরে আয় বাজান’

তিনি আরও জানান, গ্রেফতার হওয়া তিনজনের স্বীকারোক্তি মোতাবেক আসামি হারুনের শ্বশুরবাড়ি নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী এলাকার একটি জঙ্গল থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। 

ইত্তেফাক/এসি