রংপুরে মোবাইল কিনে না দেয়ায় ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

আপডেট : ৩০ মে ২০২০, ২২:৩৪

রংপুরে মোবাইল ফোন কিনে না দেয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে ৮ম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে।

শনিবার (৩০ মে) বিকালে সদর উপজেলার চন্দনপাট ইউনিয়ন এর শ্যামপুর কলেজ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষার্থীর নাম বৃষ্টি বেগম (১৩)। সে ওই গ্রামের এমদাদ মিয়ার মেয়ে ও শ্যামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুনঃ বাড়ি ভাড়া মওকুফের দাবি, অন্যথায় অবস্থান ধর্মঘট  

পরিবার ও স্থানীয়রা জানান,কিছু দিন থেকে মোবাইল কেনার বায়না ধরে ৮ম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রী বৃষ্টি। বাবা এমদাদ কয়েকদিন পরে মোবাইল কিনে দেয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু অভিমান করে শনিবার বিকালে সকলের অগোচরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এদিকে বিষয়টি নিশ্চিত করে চন্দনপাট ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, প্রশাসনের লোকসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ও স্থানীয়দের সাথে কথা বলে এটি ফোন কিনে না দেওয়ার জন্য আত্মহত্যাই মনে হচ্ছে।

ইত্তেফাক/এমএএম