জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ৩০ মে ২০২০, ২২:৪৯

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী গতকাল শনিবার নানা আয়োজনে পালন করা হয়। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন, মাজারে পুষ্পস্তবক অর্পণ, দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ ও ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে দুপুরে জাতীয় স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখকে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে যান। নেতৃবৃন্দ বুকে কালো ব্যাজ ধারণ এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং পরে মরহুম নেতার আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন। পরবর্তীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ অঙ্গসহযোগী সংগঠনসমূহের সভাপতি, সাধারণ সম্পাদক, ২০ দলের শরিক লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান সামাজিক দূরত্ব বজায় রেখে ধাপে ধাপে দলের প্রতিষ্ঠাতার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।

তবে প্রতিবছর এদিনে হাজার হাজার নেতাকর্মী জিয়ার মাজারে  শ্রদ্ধা নিবেদন করলেও এবারে করোনা সংক্রামণের কারণে বিএনপির স্থায়ী কমিটি মাজার প্রাঙ্গণে দলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি না করার সিদ্ধান্ত নেয়।

বিকাল সাড়ে ৩টায় এ উপলক্ষ্যে ভার্চুয়াল আলোচনা সভা এবং মহানগর বিএনপির উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে দুস্থদের মধ্যে খাবারসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়। এছাড়া ১-১০ জুন জিয়ার জীবন-কর্মের ওপর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়ভিত্তিক ভার্চুয়াল আলোচনা সভা হবে। দিবসটি উপলক্ষ্যে বিএনপি সামাজিক যোগাযোগ মাধ্যমে জিয়ার ছবি সম্বলিত পোস্টার ও কয়েকটি দৈনিকে বিশেষ ক্রোড়পত্রও প্রকাশ করেছে।