লিবিয়ায় নিহত ২৬ বাংলাদেশিকে সেখানকার মিজদাহ শহরে দাফন করা হয়েছে। স্থানীয় একাধিক বাংলাদেশি এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, মিজদাহর হাসপাতালে লাশ সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। এ কারণে মরদেহগুলো পচে গন্ধ হয়ে যাচ্ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে লাশগুলো দাফন করে। যুদ্ধাবস্থা চলমান থাকায় এবং হামলাকারী লিবিয়ান ঐ গোষ্ঠী চরম বিক্ষুব্ধ হয়ে থাকায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সেখানে যেতে পারেননি। তবে নিহত বাংলাদেশিদের স্থানীয়ভাবে দাফন করার বিষয়ে বাংলাদেশ দূতাবাস বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে বেনগাজীর বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক ওমর ফারুক বলেন, লিবিয়ার দক্ষিণাঞ্চলের অবস্থা ভালো নয়। পরিস্থিতি এত খারাপ যে, এখনো অক্ষত অবস্থায় পালাতে সক্ষম হওয়া বাংলাদেশিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
তিনি বলেন, হামলাকারীরা জীবিত বাংলাদেশিদের অবস্থান জেনে যাওয়ায় ঐ অঞ্চলে থমথমে পরিবেশ বিরাজ করছে এবং আশ্রয়দাতাসহ অনেকেই হুমকির মুখে থাকাতে উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে।
