জগন্নাথপুরে গতকাল শনিবার পৃথক তিন সংঘর্ষের ঘটনায় ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই জনকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অন্যান্যদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, উপজেলার আশারকান্দি ইউনিয়নের পাটকুড়া পূর্ব বুরাইয়া গ্রামের শাহারউদ্দিন ও রুকন উদ্দিনের মধ্যে ভূমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জেরে গতকাল দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের আট জন আহত হন। আহতদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে একই ইউনিয়নের কালনীর চর গ্রামে বদরুল মিয়া ও শিপন মিয়ার পক্ষের লোকজনদের মধ্যে বাঁশ বেচাকেনা নিয়ে কথা কাটাকাটির জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পাঁচ জন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপর সংঘর্ষের ঘটনা ঘটে উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী পশ্চিম পাড়া গ্রামে। প্রেমঘটিত বিরোধের জের ধরে ঐ গ্রামের আব্দুল আলিম ও ওয়াকিব আলীর পক্ষের লোকজনের এ সংঘর্ষে ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের সাত জন আহত হন। আহতদের মধ্যে জালাল উদ্দিন ও কামাল উদ্দিনকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পৃথক তিনটি সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
