করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বেসরকারি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইমামুল কবীর শান্ত (৬৬)। শনিবার সকালে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।
মরহুম ইমামুল কবীর সুন্দরবন কুরিয়ার সার্ভিস লিমিটেডেরও প্রতিষ্ঠাতা। এ ছাড়া শান্তা প্রপার্টিজের প্রতিষ্ঠাতা এবং বেসরকারি হাসপাতাল এভারকেয়ারের (প্রাক্তন অ্যাপোলো) উদ্যোক্তা পরিচালক।
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা শাহানা ফেরদৌসি গণমাধ্যমকে জানান, ইমামুল কবীর শান্ত শুক্রবার থেকেই লাইফ সাপোর্টে ছিলেন। সিএমএইচে ভর্তির আগে আরো দুটি বেসরকারি হাসপাতালে চিকিত্সা নেন তিনি। তার শেষ ইচ্ছা অনুযায়ী গতকাল বনানী কবরস্থানে মায়ের কবরে তাকে দাফন করা হয়।
মুক্তিযোদ্ধা ইমামুল কবীর শান্তর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
