শায়েস্তাগঞ্জে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১৯:৪৬

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের উপসর্গ সর্দি, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক যুবক (২৯) মারা গেছেন। সোমবার (১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেন নিহত ‍যুবকের স্ত্রী।

ওই যুবক একটি প্রাইভেট কোম্পানির সেলস অফিসার ছিলেন। তার কর্মস্থল ছিল শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও বাহুবল। তিনি শায়েস্তাগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের একটি বাসায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক গত কয়েকদিন যাবত করোনা উপসর্গে ভুগছিলেন। বিষয়টি গোপন রেখে বাসায় ছিলেন তিনি। তার অবস্থার অবনতি হলে খবর পেয়ে গ্রামের বাড়ি থেকে আসা স্ত্রী, স্বজনরা রবিবার দিবাগত রাত ৩টার দিকে প্রাইভেট গাড়িতে করে তাকে ঢাকায় নিয়ে যায়।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমী আক্তার বলেন, ‘পৌরসভার মেয়রের কাছ থেকে শুনেছি। নিহত ব্যক্তি যে বাসায় থাকতেন সেই বাসার অন্যান্যদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য থানা পুলিশকে অবগত করেছি।’

ইত্তেফাক/এএএম