কোহলির ‘শিক্ষক’ ধোনি

আপডেট : ০১ জুন ২০২০, ২০:২৮

স্পোর্টস ডেস্ক

মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক থাকতে থাকতেই বিরাট কোহলিকে অধিনায়ক হিসেবে গড়ে তুলেছে ভারত। আর তাই কোহলির নেতৃত্বে বরাবরই দেখা যায় ধোনির ছাপ। কোহলি নিজেও ধোনিকে নিজের ‘শিক্ষক’ মনে করেন।

ধোনির নেতৃত্বে যখন দারুণ পারফরম করছিল দল তখনই ভবিষ্যতে চোখ ছিল ভারতের। সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় বিরাট কোহলিকে। সম্ভাব্য উত্তরসূরিকে একটু একটু করে গড়ে তুলেছেন ধোনি। সেই দিনগুলো মনে করেই কোহলি বলছেন, ধোনির কাছ থেকে নেতৃত্বের অনেক কিছু শিখেছেন তিনি।

কোহলি জানিয়েছেন, লম্বা সময় ধরে তিনি ধোনির বিশ্বাস অর্জন করেছিলেন বলেই পেয়েছিলেন অধিনায়কত্ব। তিনি বলেন, ‘দায়িত্ব নিতে আমার সবসময়ই ভালো লাগত। একটা সময় ব্যাপারটা ছিল, ম্যাচ খেলার তাড়না। একাদশে নিয়মিত সুযোগ পাওয়া। শুরুতে সব ম্যাচ অবশ্যই খেলতে পারিনি। তবে সবসময় এটা নিশ্চিত করতে চাইতাম যেন আলোচনায় থাকি। তারা যেন বলেন, ‘এই ছেলেটাকে নেওয়া যায় কি না।’

কোহলি দ্রুতই ধোনির আস্থা অর্জন করেন। তিনি বলেন, ‘খেলার প্রতি আগ্রহের কারণেই অধিনায়কের সঙ্গে নিয়মিত কথা বলা শুরু। আমি সবসময় এমএসের (ধোনির) কান ঝালাপালা করে দিতাম। তার পাশে দাঁড়িয়ে বলতাম, ‘এটা করতে পারি আমরা, ওটা করতে পারি।’ অনেক কিছুতেই তিনি একমত হতেন না, তবে আমার সঙ্গে অনেক কিছু নিয়ে আলোচনাও করতেন। আমার মনে হয়, তিনি এই বিশ্বাসটা পেয়েছিলেন যে তার যাওয়ার পর আমি দায়িত্বটা পালন করতে পারি।’

কোহলি জানালেন, ধোনিকে কাছ থেকে দেখেও অনেক কিছু তিনি শিখেছেন। বললেন, ‘আমার অধিনায়ক হিসেবে গড়ে ওঠার অনেকটা জুড়ে ছিল তাকে লম্বা সময় ধরে কাছ থেকে দেখা। ব্যাপারটা মোটেও এমন নয় যে, তিনি বিদায় নিলেন আর নির্বাচকেরা বলে দিলেন ‘এখন তুমি অধিনায়ক।’ দায়িত্বে যিনি থাকেন তিনি অবশ্যই জানিয়ে রাখেন যে, ‘এই ছেলেটিই হতে পারে পরের অধিনায়ক। আমি জানাতে থাকব, সবকিছু কেমন চলছে।’ তার পর আস্তে আস্তে বদলটা হতে থাকে। এম এস (ধোনি) সেই জায়গায় বড়ো ভূমিকা পালন করেছেন। আমার ওপর তার সেই বিশ্বাসটা ছয়-সাত বছর ধরে গড়ে ওঠেছে। রাতারাতি এসব হয় না, এটা একটা প্রক্রিয়া।’

বাংলাদেশে ২০১২ এশিয়া কাপের আগে কোহলি প্রথমবার সহ-অধিনায়কের দায়িত্ব পান। ব্যাট হাতে এরপর ক্রমেই নিজেকে নতুন উচ্চতায় তুলে নেন তিনি। ২০১৪-১৫ মৌসুমে ভারতের অস্ট্রেলিয়া সফরের মাঝপথে আচমকাই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান ধোনি। দায়িত্ব পান কোহলি। এরপর ২০১৭ সালের শুরুর দিকে পেয়ে যান সীমিত ওভারের নেতৃত্বও।