উদ্যাপনই প্রতিবাদের ভাষা বরুসিয়ার

আপডেট : ০১ জুন ২০২০, ২০:২৯

স্পোর্টস ডেস্ক

বায়ার্ন মিউনিখের কাছে হারের গ্লানি পেছনে ফেলে জয়ে ফিরেছে বরুসিয়া ডর্টমুন্ড। রবিবার রাতে প্যাডারবর্নকে ৬-১ ব্যবধানে হারানোর ম্যাচটাকে অবশ্য অন্য কারণে স্মরণীয় করলে লুসিয়ান ফাভ্রের শিষ্যরা। যুক্তরাষ্ট্রে পুলিশের বর্ণবাদী আচরণের ফলে প্রাণ হারানো জর্জ ফ্লয়েডের জন্য ন্যায়বিচার চেয়েছেন জ্যাডোন সাঞ্চো, আচরাফ হাকিমিরা।

বুন্ডেসলিগা আবারও মাঠে ফেরার পর যেন সাঞ্চোকে প্রথম একাদশে রাখতে ভুলেই যেতেন কোচ ফাভ্রে। রবিবার এ ভুলটা করলেন না কোচ, তাতে ফলাফলটাও মিলল হাতেনাতে। প্রথমার্ধটা যদিও গোলশূন্য ছিল, দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চড়ে বসে ডর্টমুন্ড।

৫৪ মিনিটে থর্গান হ্যাজার্ডের উদ্বোধনী গোলের পর সাঞ্চো ৫৮ আর ৭৪ মিনিটে ব্যবধান বাড়ান। মধ্যে অবশ্য একবার ব্যবধান কমিয়েছিল স্বাগতিক প্যাডারবর্ন। এরপর হাকিমি আর মার্সেল স্মেলজার গোলের খাতায় নাম লেখান যথাক্রমে ৮৫ আর ৮৯ মিনিটে। যোগ করা সময়ে স্বাগতিকদের কফিনে শেষ পেরেকটি ঠুকে ব্যক্তিগত হ্যাটট্রিকটাও পূরণ করেন সাঞ্চো, গড়েন ইতিহাসও।

৩১ বছর পর প্রিমিয়ার লিগের বাইরে কোনো ইংলিশ ফরোয়ার্ডের প্রথম হ্যাটট্রিক ছিল এটি। জয়টির ফলে বায়ার্নের সঙ্গে ব্যবধান কমিয়ে ৭-এ এনেছে বরুসিয়া।

তবে বরুসিয়ার এই জয়ের মাহাত্ম্য ছিল অন্য জায়গায়, প্রতিটি গোলের উদ্যাপনে। প্রত্যেকেই জার্সির নিচে লিখে নিয়ে এসেছিলেন ‘জাস্টিস ফর জর্জ ফ্লয়েড’, গোলের পরে সেটাই ক্যামেরাকে দেখিয়ে উদ্যাপন করেছেন সাঞ্চো, হাকিমি, হ্যাজার্ডরা।