অর্থনৈতিক প্রয়োজন ছাড়াও দক্ষিণাঞ্চলের অনেক মানুষকে ঢাকায় আসতে হয়। বিশেষ প্রয়োজনে পরিবারের কাছে ঢাকা থেকে ফিরতেও হয়। এমন অবস্থায় সীমিত পরিসরে হলেও নৌযান চলাচলের দাবি ছিল দক্ষিণ অঞ্চলের মানুষের। লকডাউন প্রত্যাহারে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানবে এমন শর্তে গণপরিবহন খুলে দেওয়া হয়। নৌযানগুলো একদিন আগেই চলাচল শুরু করে। নৌ-কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে নৌযান চলাচল করছে—এমন দাবি করলেও সরেজমিনে দেখা যায় তার বিপরীত। যাত্রীবাহী লঞ্চগুলো কোনো নির্দেশনাই প্রয়োগ করছে না। অর্ধেক যাত্রী, সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি ইত্যাদি নিয়ম প্রয়োগে লঞ্চগুলোতে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। এটা খুবই হতাশার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে বিনীত অনুরোধ এই যে, লঞ্চ তথা নৌযানগুলোর ওপর তদারকি বাড়িয়ে নিয়ম পালনে বাধ্য করুন।
অনিল মো. মোমিন
শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ,
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
